প্রত্যর্পণের ফাঁদে আটকা পড়েছেন হাসিনা
প্রত্যর্পণের ফাঁদে আটকা পড়েছেন হাসিনা। নয়া দিগন্ত গ্রাফিক্স

দণ্ডিত পলাতক শেখ হাসিনা সেই আচরণের মুখে পড়েছেন, তিনি ক্ষমতায় থাকতে প্রতিপক্ষের প্রতি যা করেছেন। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তখন সুযোগ পেলেই তারেক রহমানকে (বর্তমান প্রধানমন্ত্রী) দেশে এসে আদালতের মুখোমুখি হতে বলতেন। তারেক রহমানের সাথে যেসব অপরাধের কোনো সম্পর্ক ছিল না, সেসব অপরাধে ক্রমাগত অভিযুক্ত করতেন। ক্যাঙ্গারু কোর্ট প্রস্তুত রেখে প্রতিপক্ষকে হুঙ্কার দিতেন। এখন তার ওপর প্রকৃতির প্রতিশোধ নেমে এসেছে। আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। দেড় হাজার মানুষ খুন, ৩০ হাজার মানুষের নানা মাত্রায় আহত হওয়ার ঘটনা সবার সামনে ঘটেছে। তথ্য-প্রমাণ হাজির, জাতিসঙ্ঘ এসব নথিবদ্ধ করেছে। তিনি অন্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় গণমাধ্যম ব্যবহার করে চরিত্র হনন করে যে পাশবিক আনন্দ নিতেন, প্রকৃতি তাকে সেটি ফিরিয়ে দিয়েছে। 

Advertisement

আদালতের নির্দেশে শেখ হাসিনার সন্ধান চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হয়েছে। সব রাজনৈতিক দলসহ সাধারণ মানুষ তাকে দেশে ফিরে আসার আহ্বান জানাচ্ছে। আশ্চর্যের বিষয় হচ্ছে— তিনি দেশে ফিরে না এসে ফিরবেন বলে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন। ৫ আগস্টের পর এ পর্যন্ত ডজনখানেকবার দেশে ঢোকার ঘোষণা দেন। ব্যাপক ঢাকঢোল বাজালেও এখন পর্যন্ত কেউ তার চেহারা দেখেননি। তিনি যখনই নিজের পক্ষে কোনো দাবি করেন, সেটিই ভঙ্গ করেন। পালিয়ে যাওয়ার অল্প কিছু দিন আগে তিনি দম্ভ করে বলেছিলেন— ‘শেখ হাসিনা পালায় না’। বাস্তবে তিনি তার আগেও কয়েকবার দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। মইন-ফখরুদ্দীন সরকারের সময় পালানোর প্রমাণ তখন সামনে ছিল। 
এখন এমন একসময় তিনি দেশে ফেরার ঘোষণা দিয়ে যাচ্ছেন, সবকিছু তার প্রতিকূলে। যখন তিনি পালান তার অল্প কিছু সময় আগেও সামরিক বাহিনী, পুলিশ বাহিনীসহ দেশের সব গোয়েন্দা সংস্থা তার নিয়ন্ত্রণেই ছিল। দেশের প্রায় সব সেক্টর ছিল তার করায়ত্ত। তার সাথে ছিল দলীয় খুনি বাহিনী। ছাত্র-জনতা পুরো রাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে লড়ে তাকে পরাস্ত করেছে। এখন রাষ্ট্রযন্ত্রের কোথাও তার নিয়ন্ত্রণ নেই। তবে এর ভেতরে থাকা তার পক্ষের লোকেরাও এখন তার বিরুদ্ধেই দাঁড়াবে, নিজেদের হাসিনাবিরোধী প্রমাণের জন্য। হিসাব সহজ, কারণ এরা সুযোগ-সুবিধা লোটার জন্য হাসিনার সাথে ভিড়েছিলেন। হাসিনার মতো তাদেরও নীতি-আদর্শ নেই। তারা শেখ হাসিনার পক্ষে ঝুঁকি নিতে চাইবেন না, এটিই স্বাভাবিক।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তার সম্পদ বাজেয়াপ্ত করার আদেশও এসেছে। এখনো আদালতে পেন্ডিং রয়ে গেছে তার করা অসংখ্য অপরাধের বিচার। স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার হলে আরো কমপক্ষে এক দশক ধরে একের পর এক তার দণ্ড হবে। তার প্রধান সহযোগীদের অনেকে ইতোমধ্যে সর্বোচ্চ সাজা পেয়েছেন। মোটামুটি বিচার হলেও দলের কেউ বাকি থাকবে না দণ্ড প্রাপ্তির বাইরে। এসময় যারা হাসিনা ও তার কিছু সহচরের উসকানিতে রাস্তায় অগ্নিসন্ত্রাস করছে তাদের মধ্যে অন্ধ আওয়ামী ভক্তের বাইরে যারা আছে তারা নগদ অর্থের বিনিময়ে সেটি করছে। কাউকে কাউকে জিম্মি করেও সন্ত্রাসী কার্যক্রম করতে বাধ্য করা হচ্ছে। ঢাকায় ককটেল ছোড়ার পর আটক হলে এক ব্যক্তি জানায়, তাকে আওয়ামী লীগের লোকেরা হুমকি দিয়েছে। ককটেল না ফাটালে তার অসুস্থ মায়ের ওপর হামলা করা হবে, পুলিশ দিয়ে হয়রানি করা হবে। টাকার জোগান বিদেশ থেকে যতদিন আসবে, ততদিন জ্বালাও-পোড়াও চলবে। তবে আইনশৃঙ্খলা বাহিনী এই চক্রকে শনাক্ত করে শাস্তির মুখোমুখি করতে পারলে অচিরেই এই নাশকতা বন্ধ হবে। পুলিশ ও গোয়েন্দা কার্যক্রমের দুর্বলতা আওয়ামী সন্ত্রাসীদের সুযোগ করে দিচ্ছে।  

শেখ হাসিনা চাটুকার পরিবেষ্টিত থাকতে পছন্দ করেন। ক্ষমতায় থাকতে তার ছিল বিশাল এক স্তাবক শ্রেণী। গণবভন সবসময় তেলের ওপর ভাসত। সংবাদ সম্মেলনের নামে সেখানে কিছু লোক তেলের ডিব্বা নিয়ে বসতেন। তারা তাকে বিশ্বনেতা হিসেবে প্রশস্তি গাইতেন। সব পেশার লোকদের মধ্যে থেকে গড়ে তোলা হয়েছিল এই বিশাল স্তাবক গোষ্ঠী। এখন নেই সেসব চাটুকার পাইক-পেয়াদা। দেশে এলে উল্টো তার চারপাশে গিজগিজ করবে তার নিষ্ঠুর শাসন থেকে মুক্তি পাওয়া মানুষ। দেশের মানুষের গণঘৃণায় এখন তিনি ভেসে যাবেন। সামান্য সুযোগ-সুবিধার অভাবে যিনি বিদেশে পাড়ি দিতেন। তার দেশের ফেরার ঘোষণা তাই শুধু একটি স্টান্টবাজি। দেশে ফেরার ইচ্ছা শেখ হাসিনার নেই, শতভাগ নিশ্চিত করেই বলা যায়। রাজনীতিতে প্রাসঙ্গিক থাকা, দলে নিজের নেতৃত্ব বজায় রাখা, প্রতিবেশী ভারতের হাতে কিছু সুযোগ তৈরি করে দেয়াই ফ্যাসিস্ট হাসিনার সাম্প্রতিক কার্যক্রমের প্রধান লক্ষ্য। ৫ আগস্টের পর থেকে তিনি একের পর এক দেশে ফেরার ঘোষণা দিয়ে মাঠ গরম করেছেন। দেশে-বিদেশে থাকা আওয়ামী প্রপাগান্ডা মেশিন একে হাওয়া দিয়ে উত্তেজনা তৈরি করছে। ডিসেম্বর পার হয়ে গেলে হাসিনার এই কূটচাল আগের মতো আর কাজ করবে না। 
  
পাসপোর্ট ও জাতীয় নাগরিক সনদ বা এনআইডির জন্য আবেদনের খবর চারদিকে চাউর করা হয়েছে। খতিয়ে দেখা গেছে, বাস্তবে তিনি এ জন্য কোনো আবেদন করেননি। এটি ছিল একটি অনুরোধ। যা করেছে হাসিনার পক্ষে একটি ব্রিটিশ ল’ ফার্ম। তারা বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে, শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি করে দিতে। সেই অনুরোধেও হাসিনার পক্ষ থেকে অথরাইজেশন নেই। অর্থাৎ শেখ হাসিনা যে ব্রিটিশ ফার্মটিকে তার পক্ষে কাজটি করার জন্য নিযুক্ত করেছেন, তার নথি তাতে নেই। দেশে ফেরার জন্য তাকে ব্রিটিশ ফার্ম হায়ার করার দরকার ছিল না। যেহেতু বাংলাদেশ তাকে খুঁজছে, দেশে আসতে চাইলে তাকে গ্রহণ করতে সবাই প্রস্তুত।

দণ্ডিত অপরাধী হিসেবে পাসপোর্ট এনআইডি আবেদন করার অধিকার তার নেই। হাসিনা এখন সম্পূর্ণ এক আইনি বিষয়ে পরিণত হয়েছেন। লোকসভায় দাখিল করা একটি প্রতিবেদনে ভারতীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, হাসিনাকে দেশটি মানবিক আশ্রয় দিয়েছে। তাকে কোনো ধরনের রাজনৈতিক আশ্রয় কিংবা রাজনৈতিক প্ল্যাটফর্ম দেয়া হয়নি। দেশটির আইন অনুযায়ী তিনি সেখান থেকে কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেন না। ভারতের প্রতিবেশী নীতির কুৎসিত দিকটি এখন প্রকাশ হয়ে গেছে। তারা নিজেরাই নিজেদের আইন ভাঙছেন। হাসিনাকে সুযোগ করে দিচ্ছেন রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর। এতে প্রতিনিয়ত অস্থিরতা তৈরি হচ্ছে। হাসিনার ঘোষণার পর গত কয়েক দিন দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও হামলার ঘটনা বেড়ে গেছে। এর মধ্যে গাড়িতে আগুন দিয়ে এক চালককে হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসীরা।
 
প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরত দেয়ার বাধ্যবাধকতা রয়েছে ভারতের। এই চুক্তি ভারতের গলার কাঁটা হয়েছে, সেটি গেলাও যাচ্ছে না-উগরে দেয়াও যাচ্ছে না। এই চুক্তিও আবার ভারতের ইচ্ছায় কোনো বিচার-বিবেচনা না করেই সই করে দিয়েছিলেন শেখ হাসিনা। ওই চুক্তিতে ভারতের বিবেচনায় যারা শত্রু তাদের বাংলাদেশ থেকে তুলে নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য ছিল। তুরুপের তাস অনুপচেটিয়াকে তারা এই চুক্তির বলে ধরে নিয়ে যায়।

২০১৩ সালে সম্পাদিত ওই চুক্তিতে বলা হয়েছে— রাজনৈতিক প্রকৃতির অভিযোগের ভিত্তিতে কারো হস্তান্তরের অনুরোধ করা হলে তা খারিজ করা হবে। কোন অপরাধগুলো রাজনৈতিক নয় তার তালিকাও দেয়া হয়। হত্যা, অপহরণ, বোমা বিস্ফোরণ এবং নাশকতা। চুক্তিকে এভাবে সুনির্দিষ্ট করার নিশানা হচ্ছে— ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের স্বাধীনতার জন্য যারা চেষ্টা চালাচ্ছে, তাদের ধরা। এখন ঠিক এই অপরাধগুলোর সব করে বসেছেন শেখ হাসিনা। এমনকি তার সাঙ্গোপাঙ্গরা যারা তার সাথে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, প্রত্যেকে এর আওতায় প্রত্যর্পণযোগ্য। ইতোমধ্যে আদালত এদের নানা দণ্ডে দণ্ডিত করেছেন। আশ্রয় নেয়া এই গোষ্ঠীকে নিয়ে ভারত এমন এক বিপদে পড়েছে, তা থেকে উদ্ধার হওয়ার রাস্তা পাচ্ছে না। এ কারণে দেশে ফেরার ঘোষণাসহ নানা ধরনের উল্টাপাল্টা কাজ তারা করেই যাচ্ছে। নিজের দেশে গড়ে ওঠা জেন-জিদের উত্থান নরেন্দ্র মোদি ও তার সহযোগীদের বেকায়দায় ফেলে দিয়েছে। হাসিনা তাদের এই বিপদকে দিন দিন আরো বাড়াচ্ছেন। বিজেপি নেতারা এখনো শেখ হাসিনা ইস্যুর বিপদের দিকটির গভীরতা ঠিকভাবে আঁচ করতে পারছে না। বাংলাদেশকে নিয়ে এ যাবৎ যেভাবে খেলেছে, এখনো অনেকটা সেভাবে খেলছে। 

হাসিনা যে নিষ্ঠুরতা চালিয়েছেন সে জন্য ভারতীয় ক্ষমতাসীন নেতৃত্বকে সম-অপরাধী মনে করে বাংলাদেশের মানুষ। গুম, খুন, আয়নাঘর প্রতিষ্ঠা ও বিস্তৃত মানবাধিকার লঙ্ঘন ভারতের সমর্থনে সম্ভব হয়েছে। তিনটি জাতীয় নির্বাচন জালিয়াতি দেশটির সমর্থন ছাড়া কোনোভাবে সম্ভব হতো না। প্রকৃতির এমন এক বিচার শেখ হাসিনা ও তার প্রভুদের দিল্লিতে এখন একসাথে হাজির করেছে। দিন দিন পরিস্থিতি তাদের প্রতিকূলে যাচ্ছে। দুই পক্ষ মিলে যখন বাংলাদেশের মানুষের ওপর অত্যাচারের স্টিমরোলার চালিয়েছে, তখন বৈশ্বিক রাজনীতি উভয়ের অনুকূলে ছিল। পুরো বাংলাদেশ আজ শেখ হাসিনা ও তাকে সমর্থন করা ভারতীয় নেতাদের সম্পূর্ণ বিপক্ষে চলে গেছে। দিল্লিতেও তারা স্বস্তিতে নেই। ভারতকে সুবিধা দেয়ার জন্য উভয়ের সম্মতিতে করা প্রত্যর্পণ চুক্তি তাদের নিজেদের এখন ফাঁদে ফেলেছে। শেখ হাসিনার বিষয়টি ভারতীয় আদালতে উঠলে এই চুক্তিটি বাস্তবায়নের বিকল্প থাকবে না। 

লেখক : সহকারী সম্পাদক, নয়া দিগন্ত
jjshim146@yahoo.com