কুষ্টিয়ায় ডিবির ওপর হামলার মামলায় ১০ ছাত্রদলকর্মী আসামি
কুষ্টিয়ার পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। নয়া দিগন্ত

কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে গিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরো ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে নাম উল্লেখ করা ১০ আসামির রাজনৈতিক ও সাংগঠনিক পরিচয়ে ছাত্রদলের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেছেন বাদি।

Advertisement

বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসের দুই নম্বর গেটের পাশে মাদক উদ্ধারে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় কয়েকজনকে মাদক কেনাবেচায় জড়িত সন্দেহে তল্লাশি করতে গেলে পুলিশের সাথে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। 

এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) রকিব উদ্দিন জনি ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

এজাহারে কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সংগ্রাম (২৬), সামিউল হক রাকিব (২৩), হৃদয় (২৪), জীবন (২৬), সজল (২৪), তানভীর (২৫) ও কামরুলের (২৪) নাম উল্লেখ রয়েছে। এ ছাড়া অন্য তিনজন হলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি পাপন, যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ শাহরিয়ার জয় ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শিশির। এজাহারে নাম উল্লেখ করা অন্য আসামিরা হলেন সানজিদুল হক রাফি, সুমন, কাদের, আকরাম শাহরিয়ার জয় ও মিশু। 

এ হামলায় ডিবির এসআই রকিব উদ্দিন জনি, এসআই জিহাদ ও কনস্টেবল ইমরান আহত হন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বর্তমানে বাসায় ফিরেছেন। এ ঘটনায় দণ্ডবিধির ১৪৩, ১৪৯, ৩২৩, ৩০৭, ১৮৬, ৩৩২, ৩৫৩ ও ৫০৬ ধারাসহ বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।