মহি উদ্দিন
মহি উদ্দিন। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬ থেকে ২৯ অক্টোবরের জাপান সফর দুই দেশের সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাথে দ্বিপক্ষীয় বৈঠক, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ এবং ছয়টি সহযোগিতা সম্পর্কিত দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সফরটি অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব পেয়েছে। 

Advertisement

পাশাপাশি প্রায় ২৯৫ দশমিক ৫ মিলিয়ন ডলারের দু’টি ইয়েন ঋণ প্রকল্পের প্রতিশ্রুতি এবং আগামী পাঁচ বছরে জাপানি বেসরকারি খাতে এক ট্রিলিয়ন ইয়েন পর্যন্ত বিনিয়োগের সম্ভাবনার কথা উঠে এসেছে। তবে সফরের প্রকৃত সাফল্য নির্ভর করবে এসব প্রতিশ্রুতি কতটা দ্রুত বাস্তব বিনিয়োগ, কর্মসংস্থান ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে রূপ নেয় তার ওপর।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো— আগামী পাঁচ বছরে বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর প্রায় এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনা। জাপানের প্রধানমন্ত্রী এ বিনিয়োগের প্রত্যাশা ব্যক্ত করেছেন। বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন। একই সাথে জাপানের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে বলেও জানানো হয়েছে। এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ। দীর্ঘদিন ধরে জাপান বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি স্থানান্তর ও মানবসম্পদ বিকাশে গুরুত্বপূর্ণ অংশীদার। 

তবে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণকে ইতোমধ্যে বাস্তবায়িত বিনিয়োগ হিসেবে বিবেচনা করা যাবে না। 

বিনিয়োগকারীদের সিদ্ধান্তকে বাস্তব প্রকল্পে রূপ দিতে হলে নীতির ধারাবাহিকতা, স্বচ্ছ প্রশাসন, নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ, দক্ষ শ্রমশক্তি, কার্যকর বন্দরব্যবস্থা এবং দ্রুত ব্যবসায়িক সেবা নিশ্চিত করতে হবে। জমি অধিগ্রহণ, অনুমোদনপ্রক্রিয়া ও চুক্তি বাস্তবায়নে দীর্ঘসূত্রতা কমানোও জরুরি। বিশেষ করে তৈরী পোশাকের বাইরে অটোমোবাইল যন্ত্রাংশ, ইলেকট্রনিকস, হালকা প্রকৌশল, ওষুধ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং প্রযুক্তিনির্ভর সেবায় জাপানি বিনিয়োগ আকর্ষণ করা প্রয়োজন। এতে রফতানি পণ্যের বৈচিত্র্য বাড়বে এবং দেশীয় শিল্পের উৎপাদন সক্ষমতা উন্নত হবে।

সফরকালে দুই দেশের মধ্যে ছয়টি সহযোগিতা সম্পর্কিত দলিল স্বাক্ষরিত হয়েছে। এগুলোর আওতায় অর্থনৈতিক সম্পর্ক ও ব্যবসার পরিবেশ উন্নয়ন, কৃষি, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন, মৎস্য ও প্রাণিসম্পদ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার মতো বিষয় অন্তর্ভুক্ত আছে। এ ছাড়া বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা সক্ষমতা বাড়াতে জাপান প্রায় ২ দশমিক ১২ বিলিয়ন ইয়েন বা ১৩ দশমিক ৪৪ মিলিয়ন ডলার পর্যন্ত অনুদানের আওতায় একটি টহল জাহাজ দেয়ার সিদ্ধান্ত  নিয়েছে।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। জাপানের উন্নত প্রযুক্তি, মান নিয়ন্ত্রণ ব্যবস্থা, সংরক্ষণ প্রযুক্তি এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণের অভিজ্ঞতা কাজে লাগানো গেলে কৃষিপণ্যের অপচয় কমানো ও রফতানি আয় বাড়ানো সম্ভব। এ ক্ষেত্রে শুধু প্রযুক্তি আমদানি নয়, দেশীয় উৎপাদকদের প্রশিক্ষণ, গবেষণা এবং বাজার সংযোগ নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনবিষয়ক সহযোগিতাও গুরুত্ব¡পূর্ণ। বাংলাদেশ জলবায়ু ঝুঁকির সম্মুখীন একটি দেশ। তাই দুর্যোগ পূর্বাভাস, উপকূলীয় সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ু-সহনশীল অবকাঠামো উন্নয়নে জাপানের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।

সফরে দু’টি ইয়েন ঋণ প্রকল্পে মোট ৪৬ দশমিক ৫৬ বিলিয়ন ইয়েন বা প্রায় ২৯৫ দশমিক ৫ মিলিয়ন ডলারের ঋণ সহায়তার প্রতিশ্রুতি এসেছে। এর মধ্যে প্রায় ১০০ দশমিক ৮ মিলিয়ন ডলার বিনিয়োগ পরিবেশ উন্নয়নে এবং প্রায় ১৯৪ দশমিক ৭ মিলিয়ন ডলার উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ব্যবহারের জন্য নির্ধারিত। উন্নয়নশীল অর্থনীতির জন্য বৈদেশিক ঋণ অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর গুরুত্ব¡পূর্ণ উৎস। কিন্তু ঋণের কার্যকারিতা নির্ভর করে অর্থের সদ্ব্যবহার, প্রকল্প বাস্তবায়নের দক্ষতা এবং প্রত্যাশিত অর্থনৈতিক সুফল অর্জনের ওপর। বিনিয়োগ পরিবেশ উন্নয়নের নামে অর্থ ব্যয় করলেই বিনিয়োগ বাড়বে না; বরং প্রশাসনিক সংস্কার, নীতিগত স্থিতিশীলতা এবং ব্যবসায়িক আস্থার উন্নতি নিশ্চিত করতে হবে। একইভাবে স্থানীয় সরকারকে শক্তিশালী করার প্রকল্পে অর্থ বরাদ্দের পাশাপাশি প্রকল্প নির্বাচন, ক্রয়প্রক্রিয়া, ব্যয় নিরীক্ষা এবং ফলাফল মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। ঋণ পরিশোধের ভবিষ্যৎ দায় বিবেচনায় রেখে প্রতিটি প্রকল্পের অর্থনৈতিক ও সামাজিক সুফল পরিমাপ করতে হবে।
সফরের আরেকটি গুরুত্বপূর্ণ ফল হলো বঙ্গোপসাগর শিল্পপ্রবৃদ্ধি বলয় বা ‘বিগ-বি’ উদ্যোগকে ‘বিগ-বি ফর শেয়ার্ড প্রসপারিটি’ নামে নতুন কৌশলগত সহযোগিতা কাঠামোয় উন্নীত করার সিদ্ধান্ত। এর চারটি প্রধান ভিত্তি হলো যোগাযোগব্যবস্থা শক্তিশালী করা, প্রাকৃতিক দুর্যোগ ও ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবেলা, সরকারি বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বাণিজ্যিক সংযোগ বাড়ানোয় বিশেষ সুবিধা দিতে পারে। কিন্তু শুধু ভৌগোলিক অবস্থান কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। বন্দর, সড়ক, রেলপথ, বিদ্যুৎ ও ডিজিটাল অবকাঠামোর সমন্বিত উন্নয়ন এবং প্রতিযোগিতামূলক উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে হবে। বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত আঞ্চলিক যোগাযোগের একটি কার্যকর কেন্দ্র হওয়ার পাশাপাশি নিজস্ব শিল্প, প্রযুক্তি, রফতানি ও কর্মসংস্থান সম্প্রসারণ করা। অন্যথায় দেশটি শুধু পণ্য পরিবহনের পথ হিসেবে ব্যবহৃত হবে; কিন্তু এর মূল্য সংযোজনের বড় অংশ অন্য অর্থনীতির হাতে থেকে যেতে পারে।

বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বা ইপিএ দ্রুত কার্যকর করার বিষয়ে দুই দেশের নেতারা একমত হয়েছেন। এ চুক্তির কার্যকর বাস্তবায়ন বাংলাদেশের রফতানিকারকদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। তবে জাপানের বাজারে প্রবেশে আন্তর্জাতিক মান, পণ্যের গুণগত মান, সরবরাহের ধারাবাহিকতা এবং  ক্রয়ে পরিবেশগত শর্ত পূরণ করতে হবে।

অন্যদিকে, জাপানে বাংলাদেশের কর্মীদের জন্য দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়টিও গুরুত্বপূর্ণ। শুধু শ্রমিক পাঠানোর সংখ্যা বাড়ানো যথেষ্ট নয়। জাপানি ভাষা, কারিগরি দক্ষতা, পেশাগত প্রশিক্ষণ এবং কর্মক্ষেত্রের সংস্কৃতি সম্পর্কে জ্ঞান বাড়াতে হবে। একই সাথে নিয়োগ ব্যয়, মধ্যস্বত্বভোগীদের অনিয়ম এবং কর্মীদের অধিকার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা প্রয়োজন। বাংলাদেশের জন্য সবচেয়ে লাভজনক হবে এমন একটি ব্যবস্থা গড়ে তোলা, যেখানে বিদেশে কর্মসংস্থানের পাশাপাশি কর্মীদের দক্ষতা ও আয় বাড়বে এবং দেশে ফিরে তাদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা অর্থনীতিতে কাজে লাগবে।

প্রধানমন্ত্রীর জাপান সফরকে কেবল কূটনৈতিক সৌজন্য বা কয়েকটি চুক্তি স্বাক্ষরের ঘটনা হিসেবে দেখলে এর প্রকৃত গুরুত্ব¡ অনুধাবন করা যাবে না। সফরটি বাংলাদেশের জন্য বিনিয়োগ, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, কৃষি, সামুদ্রিক নিরাপত্তা এবং আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ সম্প্রসারণের একটি সুযোগ তৈরি করেছে। 

এখন প্রয়োজন সুনির্দিষ্ট বাস্তবায়ন পরিকল্পনা। কোন বিনিয়োগ কখন আসবে, কত কর্মসংস্থান সৃষ্টি হবে, কোন খাতে প্রযুক্তি স্থানান্তর ঘটবে এবং প্রতিটি প্রকল্প থেকে কতটা অর্থনৈতিক সুফল পাওয়া যাবে; এসব বিষয়ে পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ করতে হবে। পাশাপাশি সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়, নিয়মিত অগ্রগতি মূল্যায়ন এবং জনসমক্ষে বাস্তবায়নের তথ্য প্রকাশ নিশ্চিত করা প্রয়োজন।

জাপান বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার। এই সম্পর্ক আরো গভীর করা নিঃসন্দেহে বাংলাদেশের স্বার্থের অনুকূল। তবে প্রকৃত সাফল্য নির্ধারিত হবে ঘোষিত বিনিয়োগের বাস্তবায়ন, উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি, রফতানি বৈচিত্র্য বৃদ্ধি এবং প্রযুক্তিগত সক্ষমতা অর্জনে। কূটনৈতিক সাফল্যকে অর্থনৈতিক সাফল্যে রূপান্তর  করতে পারলে জাপান সফর বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। 

লেখক : অর্থনীতি বিশ্লেষক