সাড়ে ৩৫ শতাংশ প্রাপ্তবয়স্ক এখনো আনুষ্ঠানিক আর্থিক সেবার বাইরে

বিশেষ সংবাদদাতা

Advertisement

বাংলাদেশে আর্থিক সেবার আওতা বাড়লেও দেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর এক-তৃতীয়াংশের বেশি এখনো আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার বাইরে রয়েছে। গতকাল প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন রিপোর্ট বাংলাদেশ ২০২৫’ অনুযায়ী, দেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর মাত্র ৬৪ দশমিক ৫ শতাংশ আনুষ্ঠানিক আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এসেছে। অর্থাৎ ৩৫ দশমিক ৫ শতাংশ মানুষ এখনো আনুষ্ঠানিক আর্থিক সেবার বাইরে। ব্যাংক হিসাব, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), এজেন্ট ব্যাংকিং ও ক্ষুদ্রঋণের বিস্তার সত্ত্বেও এই চিত্র আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য ও সীমাবদ্ধতাকে সামনে এনেছে।
বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল ফিন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি (এনএফআইএস) ২০২১-২০২৬ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করে তৈরি প্রতিবেদনে বলা হয়েছে, আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে গত কয়েক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিশেষ করে ডিজিটাল আর্থিক সেবা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং ক্ষুদ্রঋণ কার্যক্রম আর্থিক সেবার আওতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে হিসাব খোলার সুযোগ সৃষ্টি করাই যথেষ্ট নয়; এসব হিসাবের নিয়মিত ব্যবহার, সেবার মান, ব্যয়, গ্রাহক সুরক্ষা এবং ডিজিটাল সক্ষমতা নিশ্চিত করাও এখন বড় চ্যালেঞ্জ।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর শেষে দেশে ব্যাংক হিসাবের সংখ্যা ২০ কোটি আট লাখ ৬৬ হাজার ৯৫৫টি। একই সময়ে মোবাইল আর্থিক সেবার হিসাব দাঁড়িয়েছে ২৫ কোটি দুই লাখ ৪০ হাজার। এর মধ্যে নারীদের হিসাব ১০ কোটি ৫৬ লাখ ৭০ হাজার। তবে এসব হিসাবের সংখ্যা দিয়ে সরাসরি সক্রিয় গ্রাহক কিংবা আর্থিকভাবে অন্তর্ভুক্ত মানুষের প্রকৃত সংখ্যা নির্ধারণ করা যায় না। একজন ব্যক্তির একাধিক হিসাব রয়েছে।
এজেন্ট ব্যাংকিংয়ের বিস্তার গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক সেবা পাওয়ার সুযোগ বাড়িয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে এজেন্ট ব্যাংকিংয়ের আউটলেট ছিল ২০ হাজার ৫০১টি। এর মধ্যে ১৭ হাজার ৫২৭টি, অর্থাৎ ৮৫ দশমিক ৫ শতাংশই গ্রামে। এ ব্যবস্থার আওতায় হিসাব ছিল দুই কোটি ৫৮ লাখ ৩২ হাজার ৯৮১টি। এর ৮৪ দশমিক ৬ শতাংশ গ্রামীণ এলাকায়।
অন্য দিকে, ক্ষুদ্রঋণ খাতে ৬৭৭টি প্রতিষ্ঠান ২৭ হাজার ৭২০টি শাখার মাধ্যমে চার কোটি ৫৯ লাখ ২০ হাজার ৯৬৮টি হিসাব পরিচালনা করেছে। এ খাত নিম্নœ আয়ের পরিবার, নারী, কৃষক ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তার মাধ্যম হয়ে উঠেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মোবাইল আর্থিক সেবা খাতে ২০২৫ সালে হিসাবের সংখ্যা ৪ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। এজেন্টের সংখ্যা বেড়েছে ১১ দশমিক ৩ শতাংশ। একই সময়ে এমএফএসের মাধ্যমে মোট লেনদেনের সংখ্যা ৩১ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ৯৫৭ কোটি ৭৭ লাখে পৌঁছেছে। লেনদেনের মোট মূল্য ২০২৪ সালের ১৭ লাখ ৩৮ হাজার ৩০০ কোটি টাকা থেকে বেড়ে ২০২৫ সালে ২১ লাখ ৮৩ হাজার ১০০ কোটি টাকা হয়েছে। অর্থাৎ ডিজিটাল আর্থিক ব্যবস্থায় মানুষের অংশগ্রহণ ও লেনদেনের প্রবণতা বাড়ছে।
তবে আর্থিক সেবার ব্যবহার সব ক্ষেত্রে সমানভাবে বাড়ছে না। মোবাইল আর্থিক সেবার মাধ্যমে সরকারি ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ বিতরণ ৫ দশমিক ৩৬ শতাংশ কমেছে। অন্য দিকে, ইউটিলিটি বিল পরিশোধে লেনদেন বেড়েছে ১৬ দশমিক ৩১ শতাংশ এবং মার্চেন্ট পেমেন্ট বেড়েছে ১৫ দশমিক ৯৪ শতাংশ।
পুরুষ-নারীতে আর্থিক বৈষম্য
নারীদের আর্থিক অন্তর্ভুক্তিতে অগ্রগতি হলেও ব্যাংকঋণ ও সঞ্চয়ের ক্ষেত্রে এখনো উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে। বাংলাদেশ ব্যাংকের উইমেন ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডেটা (ডব্লিউএফআইডি) ড্যাশবোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে ব্যাংকে নারীদের আমানত হিসাব ছিল প্রায় ছয় কোটি ৪১ লাখ, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৫ শতাংশ বেশি। কিন্তু ব্যাংকের মোট ঋণগ্রহীতাদের মধ্যে নারীর অংশ মাত্র ১৮ দশমিক ৬ শতাংশ। ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে এ হার ছিল ২০ শতাংশ।
ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। এ খাতের আমানত হিসাবের প্রায় ৯১ শতাংশ নারীদের। ঋণ হিসাবের ক্ষেত্রেও নারীদের অংশ প্রায় ৯১ শতাংশ। অর্থাৎ ব্যাংকিং ব্যবস্থার তুলনায় ক্ষুদ্রঋণ খাত নারীদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতেও নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে পরিমাণগত বৈষম্য রয়েছে। ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে নারী উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করা ঋণের পরিমাণ ছিল পাঁচ হাজার ২৮০ কোটি টাকা, যা মোট সিএমএসএমই ঋণ বিতরণের মাত্র ৭ দশমিক ৫ শতাংশ। অথচ নারী মালিকানাধীন প্রতিষ্ঠান ঋণগ্রহীতার মোট সংখ্যার ৩৭ দশমিক ৬ শতাংশ। এতে বোঝা যায়, নারী উদ্যোক্তারা ঋণ পেলেও তাদের ঋণের গড় পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম।
শিক্ষা ও ডিজিটাল সক্ষমতায় বড় ব্যবধান
প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণগুলোর একটি হলো, আর্থিক অন্তর্ভুক্তির সাথে শিক্ষার সরাসরি সম্পর্ক রয়েছে। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এমন মানুষের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তির হার ৫৫ দশমিক ১ শতাংশ। অন্যদিকে, উচ্চশিক্ষা পর্যায়ের মানুষের ক্ষেত্রে এ হার প্রায় ৯০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের প্রথম জাতীয় প্রতিনিধিত্বশীল আর্থিক অন্তর্ভুক্তি জরিপে ছয় হাজার ৯১২টি পরিবার থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। দেশের আটটি বিভাগ ও ৬৪টি জেলা থেকে ৪৩২টি নমুনা এলাকা নির্বাচন করে এ জরিপ পরিচালনা করা হয়।
জরিপে দেখা যায়, উত্তরদাতাদের ৩৩ দশমিক ৫ শতাংশের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। গ্রামাঞ্চলে এ হার ৩৭ দশমিক ৫ শতাংশ, শহরে ২৩ দশমিক ৬ শতাংশ। মোবাইল ফোন ব্যবহারের হার ৭৮ দশমিক ৪ শতাংশ হলেও মোবাইল ইন্টারনেট ব্যবহারের হার মাত্র ৩০ শতাংশ। গ্রামে পুরুষদের মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারের হার ৩৩ শতাংশ এবং নারীদের ২০ শতাংশ। শহরে এ হার যথাক্রমে ৪৬ ও ৩৪ শতাংশ।
আর্থিক জ্ঞানেও নারী-পুরুষের ব্যবধান রয়েছে। মূলধন ও সুদের পার্থক্য বুঝতে পারেন ৭৭ শতাংশ পুরুষ, নারীদের ক্ষেত্রে এ হার ৬৯ শতাংশ। মূল্যস্ফীতির প্রভাব সম্পর্কে ধারণা তুলনামূলকভাবে বেশি হলেও বিনিয়োগের ঝুঁঁকি কমাতে বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগের ধারণা সম্পর্কে সচেতনতা কম। মাত্র ৪১ শতাংশ পুরুষ ও ৩০ শতাংশ নারী বিনিয়োগের বৈচিত্র্যকরণের বিষয়টি বোঝেন।
সেবার মান ও গ্রাহক সুরক্ষায় দুর্বলতা
আর্থিক সেবার বিস্তারের পাশাপাশি গ্রাহক সন্তুষ্টির বিষয়টিও প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে। ব্যাংক, মোবাইল আর্থিক সেবা ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে হিসাব খোলার কাগজপত্র এবং সেবার ফি নিয়ে গ্রাহকদের সন্তুষ্টি তুলনামূলক বেশি। কিন্তু অভিযোগ নিষ্পত্তি ও প্রতিকার ব্যবস্থায় সন্তুষ্টি অনেক কম।
বিশেষ করে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ও বিমা সেবাদাতাদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাহকদের অসন্তুষ্টি বেশি। ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদাতারা এ ক্ষেত্রে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। এতে আর্থিক সেবার মানোন্নয়ন, গ্রাহকের অধিকার সংরক্ষণ এবং অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা সামনে এসেছে।
জরিপে আনুষ্ঠানিক আর্থিক সেবা গ্রহণের ক্ষেত্রে কয়েকটি প্রধান বাধা চিহ্নিত করা হয়েছে। অনেক মানুষের মধ্যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সেবা গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা নেই। কারো প্রয়োজনীয় কাগজপত্রের অভাব রয়েছে, আবার অনেকে সেবা ও পণ্য সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না। আমানত ও ঋণের ক্ষেত্রে সেবার উচ্চ ব্যয়ও নিরুৎসাহিত করছে। বিমার ক্ষেত্রে সেবার ব্যয় বহনের অক্ষমতা এবং প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থার ঘাটতি প্রধান বাধা হিসেবে উঠে এসেছে।
এনএফআইএসের ৭৬ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন
বাংলাদেশ ব্যাংকের জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল (এনএফআইএস) ২০২১-২০২৬-এর আওতায় ১২টি লক্ষ্যের বিপরীতে মোট ৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এর মধ্যে ৫৩টি বা ৭৬ শতাংশ পুরোপুরি বাস্তবায়িত হয়েছে। বাকি ১৬টি বা ২৪ শতাংশ বাস্তবায়নাধীন ছিল। কোনো লক্ষ্যই বাস্তবায়ন শুরু না করে ফেলে রাখা হয়নি।
বাস্তবায়নাধীন লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে আর্থিক সাক্ষরতা, গ্রাহক সুরক্ষা, নারী ও জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি, প্রবীণ নাগরিকদের জন্য আর্থিক সেবা এবং নতুন প্রযুক্তির ব্যবহার।
এদিকে, ২০২৫ সালে ব্যাংকগুলোর মোট শাখা ছিল ১১ হাজার ৪১৮টি। এর ৪৫ দশমিক ৩৯ শতাংশ গ্রামীণ এলাকায়। ব্যাংকের অনলাইন শাখার হার ১০০ শতাংশ হলেও গ্রামীণ উপশাখার অংশ কমেছে। অন্য দিকে, আর্থিক প্রতিষ্ঠানের শাখা ২৬২ থেকে বেড়ে ২৯৯টি হলেও গ্রামীণ শাখার অনুপাত ২৩ দশমিক ৬৬ শতাংশ থেকে কমে ২০ দশমিক ৭৩ শতাংশ হয়েছে।
ক্ষুদ্রঋণ খাতে হিসাবের সংখ্যা বাড়লেও ঋণের স্থিতি কমেছে। ২০২৪ সালের ডিসেম্বরের তুলনায় ২০২৫ সালের ডিসেম্বরে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ঋণ হিসাব বেড়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ। কিন্তু ঋণের স্থিতি ১ দশমিক ২১ শতাংশ কমে এক লাখ ৬২ হাজার ৫৪০ কোটি টাকায় দাঁড়িয়েছে। বিপরীতে আমানতের পরিমাণ সামান্য বেড়ে ৭৩ হাজার ১৩৮ কোটি টাকায় পৌঁছেছে।
অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ
প্রতিবেদনে আর্থিক অন্তর্ভুক্তিকে শুধু ব্যাংক হিসাব খোলার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের প্রকৃত আর্থিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে নারী, তরুণ, কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা, গ্রামীণ জনগোষ্ঠী এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী আর্থিক সেবা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া ডিজিটাল আর্থিক সেবার বিস্তারের সঙ্গে সাইবার নিরাপত্তা, গ্রাহকের তথ্য সুরক্ষা, আর্থিক প্রতারণা প্রতিরোধ এবং অভিযোগ নিষ্পত্তির সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
সব মিলিয়ে বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তির অবকাঠামো ও সেবার বিস্তার ঘটলেও তার সুফল সবার কাছে সমানভাবে পৌঁছায়নি। একদিকে মোবাইল ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে কোটি কোটি মানুষের কাছে আর্থিক সেবা পৌঁছেছে, অন্য দিকে শিক্ষা, লিঙ্গ, আয়, অঞ্চল ও ডিজিটাল সক্ষমতার পার্থক্য অন্তর্ভুক্তির পথে বাধা হয়ে রয়েছে।