ডেঙ্গু, ফগার স্প্রে, এডিস মশা, রাজশাহী সিটি করপোরেশন, প্রধানমন্ত্রী, তারেক রহমান, মো: মাহফুজুর রহমান রিটন, শিক্ষাপ্রতিষ্ঠান, নগরী, সরকারি দফতর, নাগরিক
এডিস মশা নিধনে ফগার স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। নয়া দিগন্ত

ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে রাজশাহী মহানগরীতে আবারও ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় এ কার্যক্রম শুরু হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১০ নভেম্বর) নগরীর ৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

জানা গেছে, রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মপরিকল্পনা অনুযায়ী নগরীর বিভিন্ন ওয়ার্ডে ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, স্লাব, ডোবা, জঙ্গল ও ঝোপঝাড়সহ মশার সম্ভাব্য প্রজননস্থলগুলোতে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে করা হচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয়ভাবে নগরীর বিভিন্ন সরকারি ও আধা-সরকারি দফতর, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্য প্রতিষ্ঠানে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হবে। নাগরিকদের অভিযোগের ভিত্তিতে চিহ্নিত এলাকাগুলোতেও বিশেষ অভিযান চালানো হবে।

এ বিষয়ে রাসিকের মশক নিধন কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন মুন বলেন, ‘প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে ৩০টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম আবারো শুরু হয়েছে। একই সাথে মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।’

তিনি আরো বলেন, ‘নগরীর ৩০টি ওয়ার্ডে ব্লকভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ঝোপঝাড় পরিষ্কার, ড্রেন পরিষ্কার ও ড্রেনে লার্ভিসাইড প্রয়োগসহ মশক নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।’