
পুঁজিবাজারে ইতোমধ্যে লভ্যাংশ ঘোষণা করা ভালো ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোর লভ্যাংশের রেকর্ড তারিখকে সামনে রেখে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রয়াস দেখা যাচ্ছে। সপ্তাহের প্রথম দু’টি কর্মদিবসে সূচকের সামান্য অবনতি ঘটলেও লেনদেনে এগিয়ে থাকা ঢাকা শেয়ারবাজারে গতকাল এ প্রবণতা দেখা যায়।
মঙ্গলবার (১০ নভেম্বর) লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত বড় কোনো বিক্রয়চাপ ছাড়াই পার করে বাজারটি। আর এ সময় রেকর্ড তারিখ ঘনিয়ে আসা কোম্পানিগুলোর সব ক’টিরই মূল্যবৃদ্ধি ঘটতে দেখা যায়।
পুঁজিবাজার সংশ্লিষ্টরা মনে করছেন, লভ্যাংশ ঘোষণাকালে বাজারগুলো মন্দায় আক্রান্ত থাকায় তার প্রভাব ছিল না বাজারে। কিন্তু এখন বিনিয়োগকারীরা লভ্যাংশ আয়কে গুরুত্বের সাথে নেয়ার ফলে মৌলভিত্তির এসব কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধি ঘটছে।
প্রসঙ্গত, গত অক্টোবরের শেষ দিকে পুঁজিবাজারে বেশ কিছু কোম্পানি বিগত অর্থবছরের লভ্যাংশ ঘোষণা করে যার রেকর্ড তারিখ এগিয়ে আসছে। অথচ যখন এসব লভ্যাংশ ঘোষণা করা হয় তখন লভ্যাংশ আকর্ষণীয় হওয়ার পরও বাজার পরিস্থিতি বিবেচনায় প্রায় সব কোম্পানিই দরপতনের শিকার হয়। কিন্তু পরে বাজার পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটলে বিনিয়োগকারীরা আবার এসব শেয়ারে নিজেদের অবস্থান নিতে শুরু করে। ফলে কোম্পানিগুলো হারানো দর ফিরে পেতে শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকালও দুই পুঁজিবাজারে কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো, যার ওপর ভর করে উন্নতি ঘটে বাজার সূচকের।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ৪৩ দশমিক ৯২ পয়েন্ট বেড়েছে। সোমবার দিন শেষ করা ৫ হাজার ৩৯২ দশমিক ৮২ পয়েন্ট থেকে মঙ্গলবার সকালে লেনদেন শুরু করা সূচকটি দিনশেষে পৌঁছে যায় ৫ হাজার ৪৩৬ দশমিক ৭৪ পয়েন্টে। একই সময় ডিএসইর দুই বিশেষায়িত সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহর উন্নতি ঘটে যথাক্রমে ৭ দশমিক ৯৪ ও ৮ দশমিক ৯৭ পয়েন্ট। অনুরূপভাবে দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই গতকাল ৫১ দশমিক ৯৩ পয়েন্ট উন্নতি ধরে রাখতে সক্ষম হয়। ১৪ হাজার ৪৫৪ দশমিক ৬৩ পয়েন্ট থেকে সকালে যাত্রা করা সূচকটি বিকেলে লেনদেন শেষে স্থির হয় ১৪ হাাজর ৫০৬ দশমিক ৫৬ পয়েন্টে। এ সময় দুই বিশেষায়িত সূচক সিএসই-৩০ ও সিএসসিএক্স সূচকের উন্নতি রেকর্ড করা হয় যথাক্রমে ১৫ দশমিক ২৪ ও ৪৩ দশমিক ৩৬ পয়েন্ট।
এ দিকে সাম্প্রতিক সময়ে টেক্সটাইল খাতে বিনিয়োগকারীদের যেমন আগ্রহ দেখা যাচ্ছিল গত দু’দিন ধরে সে তালিকায় যুক্ত হয়েছে জ্বালানি খাতও। এ খাতের তালিকাভুক্ত দুই বেসরকারি কোম্পানির ভালো লভ্যাংশ ঘোষণা ও প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয়ের উন্নতির ফলেই এ প্রবণতা দেখা যাচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
২০২৪ সালের আগস্ট মাসের রাজনৈতিক পট পরিবর্তনের পর বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলো বড় ধরনের দরপতনের শিকার হয়। এ সময় কোম্পানিগুলোর শেয়ারপ্রতি আয় এবং লভ্যাংশ ঘোষণাতেও নেতিবাচক অবস্থা বিরাজ করে। কিন্তু সম্প্রতি এ ধরনের কোম্পানিগুলো ফের ভালো পারফর্ম করতে শুরু করলে বেড়ে যায় লভ্যাংশ ঘোষণার হার ও শেয়ারপ্রতি আয়। ফলে আবার এসব কোম্পানির দিকেই ঝুঁকছেন বিনিয়োগকারীরা। গতকাল নিয়ে টানা চার দিন এ খাতের একটি কোম্পানিই ডিএসইর লেনদেনের শীর্ষস্থানটি ধরে রাখে।
বাজার সংশ্লিষ্টরা দিনের বাজার আচরণকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তারা মনে করেন, গত কিছুদিন বাজারে সূচকের যে পতন ঘটেছে তাতে মূল্যস্তরের অনেক অবনতি ঘটেছে। এ অবস্থায় এসব কোম্পানিতে বিনিয়োগের উপযুক্ত সময়। ফলে কিছুটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে স্বল্প মূল্যস্তরের কোম্পানিতে সহজেই বিনিয়োগ করা যেতে পারে।
তবে এ ক্ষেত্রে কোনো অবস্থাতেই ধৈর্য হারালে চলবে না। স্বল্প মূল্যস্তরে থাকা অপেক্ষাকৃত ভালো কোম্পানিতে বিনিয়োগ করলে একসময় তার সুফল পাওয়া যায়। তবে এক্ষেত্রে প্রয়োজন ধৈর্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
ডিসইতে গতকাল লেনদেনের শীর্ষে উঠে আসে বিদ্যুৎ ও জ¦ালানি খাতের বেসরকারি কোম্পানি শাহজিবাজার পাওয়ার। ২৮ কোটি ৭০ লাখ টাকায় কোম্পানিটির ৪৩ লাখ ৮০ হাজার শেয়ার হাতবদল হয় গতকাল। ১৬ কোটি ৩৪ লাখ টাকায় ১ কোটি ১০ লাখ ২১ হাজার শেয়ার বেচাকেনা করে লেনদেনের দ্বিতীয় স্থানে ছিল ইভিন্স টেক্সটাইলস। লেনদেনে ডিএসইর শীর্ষ দশ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে শাইনপুকুর সিরামিকস, এনঅয় টেক্সটাইলস, ডরিন পাওয়ার, কর্ণফুলী ইন্স্যুরেন্স, বারাকা পতেঙ্গা পাওয়ার, সায়হাম টেক্সটাইলস, ইনট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ও বেক্সিমকো লিমিটেড।
ডিএসইতে গতকাল মূল্যবৃদ্ধিতে শীর্ষ কোম্পানি ছিল তথ্য প্রযুক্তি খাতের জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির মূল্যবৃদ্ধির হার ছিল ৯ দশমিক ৭২। ৮ দশমিক ৫৩ শতাংশ মূল্যবৃদ্ধি পাওয়া টেক্সটাইল খাতের মুন্নু ফেব্রিক্স ছিল দ্বিতীয় অবস্থানে। মূল্যবৃদ্ধিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে হোটেল পেনিনসুলা, বঙ্গজ লিমিটেড, রিপাবলিক ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিকস, মাগুরাপ্লেক্স, বেক্সিমকো লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট ও সি-পার্ল বিচ হোটেল।
এদিন ঢাকা স্টকে দরপতনের শীর্ষে ছিল জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটি ৭ দশমিক ৬৯ শতাংশ দর হারায় গতকাল। ৬ দশমিক ০৭ শতাংশ দরপতনের শিকার হওয়া ওরিয়ন ইনফিউশন ছিল দ্বিতীয় স্থানে। দরপতনে ডিএসইর শীর্ষ দশ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স, হামিদ ফেব্রিক্স লিমিটেড, ফ্যামিলিটেক্স, পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটলাস বাংলাদেশ, অ্যাপোলো ইস্পাত, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ও মার্কেন্টাইল ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








