
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হাতছাড়া হওয়ার হতাশা পেছনে ফেলে এবার নতুন চ্যালেঞ্জের পথে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছেড়েছেন দলের ১৪ ক্রিকেটার। তবে নতুন সফরের প্রস্তুতির জন্য সময় মিলছে খুবই কম। সিলেট টেস্ট শেষ হওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় জোহানেসবার্গে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।
সিলেটে দ্বিতীয় টেস্ট শেষ হয়েছে ৯ নভেম্বর। পরদিন রাতেই ঢাকায় ফেরে বাংলাদেশ দল। এক রাত ঢাকায় কাটিয়ে গতকাল দুপুরে আবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেন ১৪ ক্রিকেটার। ইথিওপিয়ান এয়ারলাইনসে আদ্দিস আবাবা হয়ে তাদের যাওয়ার কথা জোহানেসবার্গে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে ১৫ নভেম্বর। অর্থাৎ, সিলেট টেস্ট শেষ করে নতুন টেস্টে নামার আগে প্রস্তুতির জন্য বাংলাদেশ পাচ্ছে মাত্র পাঁচ দিন। এর মাঝে দীর্ঘ বিমানযাত্রা, ভ্রমণের ক্লান্তি কাটানো এবং নতুন কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ তো আছেই।
দলের বাকি দুই ক্রিকেটার ও কয়েকজন কোচিং স্টাফ সদস্য আজ দুপুরে ঢাকা ছাড়বেন। সফরসূচি অনুযায়ী, আগামীকাল বিকেলে জোহানেসবার্গে প্রথম অনুশীলন করার কথা বাংলাদেশ দলের। টেস্টের আগে সেখানে দুই থেকে তিন দিন অনুশীলনের সুযোগ পাবেন ক্রিকেটাররা।
এমন আঁটসাঁট সূচি অবশ্য আগে থেকেই জানা ছিল বিসিবির। ভবিষ্যৎ সফরসূচি তৈরির সময়ই দুই সিরিজের মাঝখানে সময়ের এই সঙ্কটের বিষয়টি বোর্ডের বিবেচনায় ছিল। তবে বিকল্প কোনো পথ খোলা ছিল না বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘আন্তর্জাতিক এফটিপিতে এখন যে পরিমাণ খেলা থাকে ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলাগুলো নির্ধারিত সময়ে শেষ করার যে রকম বাধ্যবাধকতা থাকে, সে জন্য অনেক ক্ষেত্রেই এখন সূচি এ রকম আঁটসাঁট হয়ে যায়।’
‘সূচি করতে গিয়ে সব দেশের বোর্ডকেই কখনো না কখনো এ রকম পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তবে চলতি এফটিপিতে আমাদের এই একটা সিরিজেই একটু সমস্যা হলো,’ বলেন নাফীস।
এবারের সফরে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার জন্য দোহা বা দুবাইয়ের বদলে আদ্দিস আবাবা রুট বেছে নিয়েছে বাংলাদেশ। প্রতিদিন সুবিধাজনক সময়ে ফ্লাইট, তুলনামূলক কম ভাড়া ও বাড়তি লাগেজ নেয়ার সুবিধার কথা বিবেচনায় নিয়েই ইথিওপিয়ান এয়ারলাইনসকে বেছে নেয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র।
২০২২ সালের পর আবার দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ। তবে এবার সফরের শুরুতেই বড় পরীক্ষা অপেক্ষা করছে দলের সামনে। অল্প সময়ের মধ্যে ভ্রমণের ক্লান্তি কাটিয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার পাশাপাশি জোহানেসবার্গ টেস্টের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে শান্ত-হৃদয়দের।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








