
রাশিয়ার গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার সন্দেহে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ সদস্যকে যুক্তরাজ্যে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। ৪১ বছর বয়সী ওই সেনাসদস্যের বিরুদ্ধে সংবেদনশীল তথ্য জোগাড় ও প্রকাশ করা এবং বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগ রয়েছে। মঙ্গলবার ইংল্যান্ডের পশ্চিমাঞ্চলে গ্লস্টার শহরের কাছে ওই সেনাসদস্যকে গ্রেফতার করা হয়।
রয়টার্স বুধবার (১১ নভেম্বর) জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থেকে ইরানের হুমকির আশঙ্কায় তড়িঘড়ি বিমান সরিয়ে নেয়ার ঘটনার এক দিন পরই এই গ্রেফতারের ঘটনা ঘটল। এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল বলেন, ৪১ বছর বয়সী ওই ব্যক্তির গ্রেফতারের ঘটনা গুপ্তচরবৃত্তির অভিযোগের সঙ্গে সম্পর্কিত। বিষয়টি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য অত্যন্ত উদ্বেগের।
মার্কিন সেনাবাহিনীর কাউন্টারইন্টেলিজেন্স কমান্ডের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শন স্টিনচন বলেন, ‘সংবেদনশীল তথ্যের দায়িত্বে থাকা একজন জ্যেষ্ঠ সেনাসদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ আমাদের মনে করিয়ে দেয়, প্রতিষ্ঠানের ভেতর থেকেই নিরাপত্তার জন্য হুমকি তৈরি হওয়ার আশঙ্কা বাস্তব এবং তা সব সময়ই রয়েছে।’
ব্রিটিশ পুলিশ জানিয়েছে, গ্লস্টারের কাছে গ্রেফতারের ঘটনাটি তাদের চলমান অন্য কোনো সন্ত্রাসবাদবিরোধী তদন্তের সঙ্গে সম্পর্কিত নয়। তবে এর এক দিন আগে ইংল্যান্ডের পূর্বাঞ্চলে রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) মিলডেনহল ঘাঁটি থেকে জ্বালানি সরবরাহকারী মার্কিন সামরিক বিমান সরিয়ে নেয়া হয়। গত তিন মাসে এ ধরনের ঘটনা দ্বিতীয়বার ঘটল। ওয়াল স্ট্রিট জার্নালের খবর অনুযায়ী, ইরানের পক্ষ থেকে হুমকির আশঙ্কায় বিমানগুলো সরিয়ে নেয়া হয়েছিল।
এর আগে গত সেপ্টেম্বরে নিরাপত্তার কারণ দেখিয়ে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। এসব বিমান ইরানে হামলায় ব্যবহার করা হয়েছিল। যুক্তরাজ্যে ঘটে যাওয়া একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ওই সিদ্ধান্ত নেয়া হয়। ব্রিটিশ পুলিশ ঘটনাটির সঙ্গে ইরানের যোগসূত্র পেয়েছিল। তবে যুক্তরাজ্যে হামলা বা এ ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তেহরান।
ব্রিটিশ পুলিশের ভাষ্য, গ্রেফতার হওয়া মার্কিন সেনাসদস্যের বিরুদ্ধে দেশটির জাতীয় নিরাপত্তা আইনের ১ ও ৩ ধারায় অপরাধের সন্দেহ করা হচ্ছে। এসব ধারায় সুরক্ষিত তথ্য সংগ্রহ বা প্রকাশ এবং বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার বিষয় অন্তর্ভুক্ত। পুলিশ জানিয়েছে, অভিযোগগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি রাষ্ট্রটি রাশিয়া।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








