৩৩ পদের বিপরীতে কর্মরত তিন চিকিৎসক
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীরা : নয়া দিগন্ত।
ads

কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা 
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। ৫০ শয্যার এ হাসপাতালে ৩৩টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র তিনজন। তাদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) উৎপল দাসও রয়েছেন। ফলে নিয়মিত রোগী দেখার দায়িত্বে কার্যত রয়েছেন দু’জন চিকিৎসক। অথচ প্রায় পাঁচ লাখ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা এ হাসপাতাল। চিকিৎসক সঙ্কটে প্রতিদিন চিকিৎসা নিতে আসা রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেককে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে মৌলভীবাজার বা সিলেটে পাঠানো হচ্ছে। 
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসক পদের মধ্যে ইউএইচএফপিও উৎপল দাস, মেডিক্যাল অফিসার ডা. মুসাদ্দিক হোসেন ও ডা. আবদুর রহমান আয়েজ কর্মরত আছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. ইকবাল বাহার সপ্তাহে দুই দিন (রোববার ও বৃহস্পতিবার) হাসপাতালে দায়িত্ব পালন করেন। বাকি চার দিন তিনি সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে কর্মরত থাকেন। 
এ ছাড়া হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এ এফ এম রেজাউল ইসলাম, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মৃণাল সাহা, অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মাসউদুর রহমান এবং শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আবু বকর নাসের রাশু এ হাসপাতালে সংযুক্ত থাকলেও তাদের জন্য পৃথক রোগী দেখার কক্ষ নেই বলে জানা গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে বসে তারা দায়িত্ব পালন করেন। অন্য দিকে ডা. মোহাম্মদ মাসউদুর রহমান ও সার্জারি বিশেষজ্ঞ ডা. সাদেকুল আলম প্রেষণে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে কর্মরত রয়েছেন। অ্যানেসথেশিয়া বিশেষজ্ঞ ডা. আমিনুল ইসলাম সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে এবং সহকারী ডেন্টাল সার্জন নাহিদ ইসলাম বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেষণে দায়িত্ব পালন করছেন। 
হাসপাতালে ইএনটি, চক্ষু, গাইনি, সার্জারি, মেডিক্যাল অফিসার, অ্যানেসথেশিয়া, জরুরি বিভাগের চিকিৎসক, প্যাথলজিস্ট ও আবাসিক মেডিক্যাল অফিসারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে।
সরেজমিন দেখা গেছে, প্রতিদিন জরুরি বিভাগে প্রায় ৩০০ এবং বহির্বিভাগ ও আবাসিক ওয়ার্ড মিলিয়ে গড়ে ৬০০ থেকে ৮০০ মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। টিকিট কাউন্টারে রোগীদের দীর্ঘ সারি দেখা যায়। চিকিৎসক স্বল্পতায় অনেক রোগী কাক্সিক্ষত চিকিৎসকের পরামর্শ পাচ্ছেন না। 
হাসপাতালের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন দেড় মাস বয়সী মেয়ে তালহার মা জুবেদা আক্তার বলেন, তার মেয়ে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ২৫ অক্টোবর হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে নেয়ার পরামর্শ দিয়েছেন। 
স্থানীয়দের অভিযোগ, চিকিৎসক সঙ্কটের কারণে অনেক রোগীকে জেলা সদর বা সিলেটে পাঠানো হচ্ছে। এতে রোগীদের যাতায়াত ও চিকিৎসা ব্যয় বাড়ছে। অন্য দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও আবাসিক মেডিক্যাল অফিসার বিভিন্ন সভা, কর্মশালা ও দাফতরিক কাজে বাইরে থাকলে হাসপাতালে চিকিৎসাসেবা আরো ব্যাহত হয়। 
হাসপাতালের চিকিৎসক ও জনবল সঙ্কট দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন রোগী ও স্থানীয় সচেতন মহল। 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাস বলেন, চিকিৎসক ও জনবল সঙ্কটের কারণে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। সীমিত জনবল নিয়েই সর্বোচ্চ চেষ্টা করে চিকিৎসাসেবা চালু রাখা হয়েছে। চাহিদানুযায়ী চিকিৎসক পদায়ন এবং প্রেষণে থাকা বিশেষজ্ঞদের প্রেষণাদেশ বাতিলের জন্য সিভিল সার্জনের কাছে আবেদন করা হয়েছে। 
মৌলভীবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জাকির হোসেন বলেন, জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসক সঙ্কটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপকে জানানো হয়েছে। সম্প্রতি সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়েও এ বিষয়ে আলোচনা হয়েছে। শিগগিরই মৌলভীবাজার জেলায় বেশ কিছু চিকিৎসক পদায়নের উদ্যোগ নেয়া হচ্ছে। এরপর কুলাউড়াসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক দেয়া হবে। 
কুলাউড়া আসনের সংসদ সদস্য ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ শওকতুল ইসলাম শকু বলেন, সংসদে কুলাউড়া হাসপাতালের চিকিৎসক ও জনবল সঙ্কট নিরসনের পাশাপাশি হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করার দাবি জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর উদ্যোগে কুলাউড়াসহ সিলেট বিভাগের তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। চিকিৎসক সঙ্কটের বিষয়টি তিনি আবারো সংসদে উত্থাপন করবেন।