গোপালগঞ্জ জেলা কারাগার, আনসার সদস্যদের খাবার, বাংলাদেশ আনসার ও ভিডিপি, খাবার ছিনিয়ে নেওয়া, আনসার সদস্যদের জিম্মি, নাজমুস সাকিব, বিভ্রান্তিকর প্রচার, ছাত্রলীগের নামে অপপ্রচার
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী লোগো। সংগৃহীত
ads

গোপালগঞ্জ জেলা কারাগারে দায়িত্বরত আনসার সদস্যদের খাবার সরবরাহের ঘটনা নিয়ে বিভিন্ন মাধ্যমে ছড়ানো তথ্যের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, খাবার বহনকারী কর্মীদের জিম্মি করে খাবার ছিনিয়ে নেয়ার পর তা নিয়ে বিভ্রান্তিকর ও রাজনৈতিক প্রচার চালানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো: নাজমুস সাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তা রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়ন সদস্যরা দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনরত সদস্যদের খাবার সরবরাহের উদ্দেশ্যে গোপালগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সিভিল স্টাফ খাবার নিয়ে যাওয়ার সময় পথে বিভিন্ন বাধা ও প্রতিকূলতার সম্মুখীন হন।’

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, ‘একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত তাদের জিম্মি করে এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে খাবার ছিনিয়ে নেয়। পরবর্তী সময়ে এ খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে নিজেদের কর্মকাণ্ড হিসেবে অপপ্রচার করে এবং আনসার সদস্যদের খাবার সরবরাহের বিষয়টিকে রাজনৈতিকভাবে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের অপচেষ্টা চালায়।’

‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে কিছু গণমাধ্যমে প্রচারিত তথ্য প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রচারিত তথ্যটি প্রকৃত ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং ঘটনাটির বাস্তব প্রেক্ষাপট আড়াল করে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস। খাবার সরবরাহের সাথে জড়িত স্টাফকে জিম্মি করে, ভয়ভীতি প্রদর্শন করে এবং পরিস্থিতির সুযোগ নিয়ে ভিডিও ধারণের ঘটনার উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক প্রচার সম্পূর্ণ বিভ্রান্তিকর।’

বাহিনীর বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃঙ্খলা, জননিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালনরত সদস্যদের জন্য খাবার সরবরাহের ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

এ ধরনের প্রচারণাকে নিন্দনীয় উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহবান জানানো হয় এবং ঘটনার প্রকৃত তথ্য বিবেচনায় নিয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের অনুরোধ করা হয়।