
মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা
পাহাড়ের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি ও প্রাণিসম্পদের রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাগড়াছড়ির দুর্গম বার্মাছড়িতে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে সেনাবাহিনী।
গতকাল সোমবার সকালে গুইমারা রিজিয়নের লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে বার্মাছড়ি আর্মি ক্যাম্পে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিয়ান ইমতিয়াজ।
প্রশিক্ষণে গবাদিপশু, ছাগল, হাঁস-মুরগি ও শূকর পালন, রোগ শনাক্তকরণ ও প্রতিরোধ, টিকাদান, কৃমিনাশক ওষুধের ব্যবহার, সুষম খাদ্য ব্যবস্থাপনা ও অসুস্থ প্রাণীর প্রাথমিক পরিচর্যা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেয়া হয়। এতে দুর্গম বার্মাছড়ি ইউনিয়নের প্রান্তিক খামারিরা অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পশুপাখির প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
মেজর নাহিয়ান ইমতিয়াজ বলেন, এ উদ্যোগের মাধ্যমে খামারিদের দক্ষতা বৃদ্ধি, পশুপাখির মৃত্যুহার হ্রাস এবং পারিবারিক আয় বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পাহাড়ের দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বিতা বৃদ্ধিতে সেনাবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









