
কলায় এমন কিছু পুষ্টি উপাদান আছে, যা শরীরের স্বাভাবিক ঘুমের প্রক্রিয়ায় ভূমিকা রাখে। ছোট একটি গবেষণায় রাতে কলা খাওয়ার পর অংশগ্রহণকারীদের মূল্যায়নে ঘুমের মানের উন্নতির ইঙ্গিত পাওয়া গেছে। এ ছাড়া কলায় থাকা কয়েকটি পুষ্টি উপাদান ঘুমের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত।
ট্রিপটোফ্যান : এটি এক ধরনের অ্যামাইনো অ্যাসিড। শরীরে সেরোটোনিন ও মেলাটোনিন তৈরির প্রক্রিয়ায় ভূমিকা রাখে। মেলাটোনিন আমাদের ঘুম ও জেগে থাকার স্বাভাবিক চক্র নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে কলায় ট্রিপটোফ্যানের পরিমাণ খুব বেশি নয়।
ম্যাগনেশিয়াম : স্নায়ু ও পেশির স্বাভাবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পর্যাপ্ত ম্যাগনেশিয়াম শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করলেও কলা খেলে সরাসরি ঘুমের উন্নতি হবে- এমন প্রমাণ সীমিত।
পটাশিয়াম : পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমে সাহায্য করে। কলা পটাশিয়ামের একটি ভালো উৎস। তবে পটাশিয়ামসমৃদ্ধ কলা খাওয়ার সাথে ভালো ঘুমের সরাসরি সম্পর্ক এখনো প্রতিষ্ঠিত নয়।
কার্বোহাইড্রেট ও ফাইবার : রাতে ক্ষুধা লাগলে কলা হতে পারে হালকা নাশতা। এতে থাকা কার্বোহাইড্রেট শক্তি জোগায় এবং ফাইবার পেট ভরা রাখতে সাহায্য করে। ফলে ক্ষুধার কারণে ঘুমে ব্যাঘাত ঘটার আশঙ্কা কিছুটা কমতে পারে।
গবেষণা কী বলছে
২০২৪ সালে ‘এশিয়া প্যাসিফিক জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন’-এ প্রকাশিত একটি গবেষণায় অনিদ্রায় ভোগা ২১ জন অংশ নেন। তাদের তিনটি দলে ভাগ করা হয়। একটি দল ঘুমানোর আগে কলা খেয়েছে, অন্য দল দুধ খেয়েছে এবং তৃতীয় দল বজায় রেখেছে স্বাভাবিক খাদ্যাভ্যাস।
ছয় সপ্তাহ পর কলা ও দুধ খাওয়া দুই দলের অংশগ্রহণকারীরা জানান, তাদের ঘুমের মান আগের চেয়ে ভালো হয়েছে। তবে গবেষণাটির সীমাবদ্ধতাও আছে। অংশগ্রহণকারীর সংখ্যা ছিল মাত্র ২১। কে কোন দলে থাকবেন, তা দৈবচয়নের মাধ্যমে নির্ধারণ করা হয়নি। তাই শুধু এই গবেষণার ভিত্তিতে কলা খেলে ভালো ঘুম হয় বলে নিশ্চিত সিদ্ধান্ত দেয়া যায় না। ইন্টারনেট।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








