
গুণগত মানসম্পন্ন চিকিৎসার নতুন গন্তব্য হতে যাচ্ছে চীনের গুয়াংজু। বিশেষায়িত চিকিৎসার খরচ ভারতের চেয়ে খুব বেশি না। জীবনযাত্রার মান উন্নত দেশের মতো বলে সেই তুলনায় সব কিছুর খরচ তুলনামূলক কিছুটা বেশি। গুয়াংজুর সরকারি ফার্স্ট পিপলস হাসপাতাল নিজেদের প্রস্তুত করেছে বিদেশী রোগী বিশেষ করে বাংলাদেশের রোগীদের সেবা দিতে।
ইতোমধ্যেই এই হাসপাতালে কিছু বাংলাদেশী রোগী জটিল চিকিৎসার জন্য ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। হাসপাতালটি শুধু বাংলাদেশী নয়, আরো অনেক দেশের রোগী চিকিৎসার জন্য প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন গুয়াংজুর ফার্স্ট পিপলস হাসপাতালের নির্বাহী পরিচালক চেংজুয়ান ঝাং।
তিনি বলেন, ‘এই হাসপাতালটি ইতোমধ্যেই গুয়াংডং প্রদেশের আন্তর্জাতিক চিকিৎসাসেবার পরীক্ষামূলক প্রকল্পের আওতায় প্রথম সারির হাসপাতালগুলোর একটি হিসেবে এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক হাসপাতাল স্বীকৃতির প্রতিষ্ঠান শেনঝেন হসপিটাল অ্যাক্রিডিটেশন রিসার্চ সেন্টার (এসএইচএআরসি) সনদপ্রাপ্ত। গুণগত মানসম্পন্ন হাসপাতাল বলেই এই স্বীকৃতি পেয়েছে।’
গুয়াংজু বাংলাদেশ থেকে প্রায় ৪ ঘণ্টার বিমান যাত্রা। ঢাকা থেকে রাত ২টায় যাত্রা করলে গুয়াংজুর বেইউন আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে পৌঁছে যায় যাত্রীরা। ঢাকা থেকে দূরত্ব একটু বেশি ছাড়া আর কোনো বিরক্তিকর অভিজ্ঞতা পেতে হয় না বাংলাদেশীদের।
অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্ল্যানটেশনে (যেখানে নিজের স্টেমসেল ব্যবহার করা হয়) ২৭ লাখ ৫০ হাজার টাকা থেকে থেকে ৩৭ লাখ ৫০ হাজার টাকার মধ্যে হয়ে যায় (প্রায় ২২ থেকে ৩০ হাজার মার্কিন ডলার)। কিন্তু অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্ল্যানটেশনে (দাতার স্টেমসেল ব্যবহার করে) প্রায় ৪৭ লাখ থেকে প্রায় ৮৭ লাখ টাকা (৩৮ থেকে ৭০ হাজার মার্কিন ডলার) খরচ হয়ে থাকে।
তবে ভারতে এই দুই প্রকারের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের জন্য একটু কম খরচ লাগলেও গুণগত মানের দিকে থেকে পার্থক্য রয়েছেই। কমিউনিস্ট দেশ হিসেবে চীনে আইনশৃঙ্খলা খুবই কঠোর। সবাই নিয়মের মধ্যেই চলতে পছন্দ করে, নিয়ম ভাঙ্গার প্রবণতা নেই বললেই চলে। সেই দিক থেকে কোনো ঝামেলা ছাড়াই চিকিৎসা নিয়ে চলে আসা যায়। গুয়াংজু চীনের সবচেয়ে উন্নত চারটি সিটির মধ্যে একটি। সবকিছু যেন সাজানো-গোছানো ছবির মতো, এয়ার কোয়ালিটি চমৎকার।
ঢাকা থেকে বিমান ভাড়াও খুব বেশি না। আগে থেকে টিকিট কেটে রাখতে পারলে তুলনামূলক সস্তায় টিকিট পাওয়া যায়। যেমন একমাস আগে টিকিট কাটতে পারলে বাংলাদেশে থেকে রিটার্ন টিকিট পাওয়া যায় ৪০ থেকে ৪৫ হাজার টাকায়। এজন্য পরিকল্পনা করে সবকিছু করতে পারলে সাশ্রয়ী দামে অনেক কিছু পাওয়া যায়। ভারতের দিল্লিতে বিমানে করে আসতে ও যেতে ২২ হাজার থেকে ৩০ হাজার টাকা বিমান টাকার প্রয়োজন হয়। চেন্নাই ভেলুরে আসতে যেতে প্রায় ২৪ থেকে ৩০ হাজার টাকা লাগে।
বিমান বন্দর থেকে ফার্স্ট পিপলস হাসপাতালে যেতে এক থেকে দেড় ঘণ্টায় পৌঁছে যাওয়া যায়। রাস্তায় কোনো ধরনের ট্রাফিক জ্যাম থাকে না। চীনের মানুষ বিশেষ করে গাড়ি চালকরা ট্রাফিক সিগন্যাল মেনে চলেন। চলতে চলতে লাল আলো জ্বলে উঠলেই গাড়ি থামিয়ে অপক্ষো করেন সবজু আলো জ্বালার জন্য। রাস্তায় ট্রাফিক পুলিশ ও খুঁজে পাওয়া যাবে না।
তবে নজরদারির জন্য রয়েছে রাস্তার প্রতিটি মোড়ে দৃশ্যমান ও গোপনীয় সিসি ক্যামেরা। নির্দিষ্ট স্থানে বসে পুলিশ ঠিকই প্রতিটি যানবাহন নজরদারিতে রাখছে। যানজট না হওয়ার আরেকটি কারণ হলো প্রয়োজনীয় স্থানে প্রচুর ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। রাস্তায় প্রচুর যানবাহন থাকলেও কোথাও এক-দুই মিনিটের বেশি থেমে থাকতে হয় না। গণপরিবহনের চেয়ে গুয়াংজুতে প্রাইভেট পরিবহন প্রচুর। গ্রুপে গেলে এসি বাস ভাড়া করে নেয়া যায় অথবা ট্যুর অপারেটরের সাথে যোগাযোগ থাকলে তারা সেই ব্যবস্থা করে দেয়। আর ব্যক্তিগতভাবে গেলে বা পরিবার নিয়ে গেলে ট্র্যাক্সিক্যাব পাওয়া যায়। গুয়াংজুতে পাসপোর্টের বিপরীতে উচ্চগতির ইন্টারনেটসহ স্বল্পকালীন মোবাইল সিম পাওয়া যায়। তা ছাড়া হোটেল যে রকমই হোক সেখানে ওয়াইফাই থাকেই। সবকিছু ভালো থাকলেও বিরক্তিকর একটা ব্যাপার লক্ষ্য করা গেছে গুয়াংজুর রাস্তায়। ইলেকট্রিক বাইকগুলো (ব্যাটারি চালিত) সাই সাই করে যেমন মেইন রোডের এক সাইডে চলাচল করে আবার ফুটপাথ দিয়েও চলাচল করে। সাবধান না থাকলে যেকোনো সময় ধাক্কা দিয়ে চলে যেতে পারে। ওই শহরে যানবাহনে হর্ন সিস্টেম থাকলেও এটা ব্যবহার করা এক প্রকার নিষেধ। খুব বেশি প্রয়োজন না হলে কেউ হর্ন বাজায় না।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








