
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রেললাইনে আগুন দেয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে হাতেনাতে ধরেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে বাকৃবির ইয়াসিন মার্কেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে বাকৃবির ইয়াসিন মার্কেট সংলগ্ন রেললাইনে আগুন দেয়ার চেষ্টা করে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ। এসময় আনন্দমোহন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল এবং অর্থ সম্পাদক নির্জনকে হাতেনাতে ধরেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদেরকে ধরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে ময়মনসিংহের কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো: আতিকুর রহমান, সদস্য সচিব শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবসহ অন্য নেতারা।
ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারের দোষররা এখন দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। জাতীয়তাবাদী ছাত্রদল কখনো তা বরদাস্ত করবে না। আজকে যারা বাকৃবিতে আগুন দেয়ার চেষ্টা করেছে তাদেরকে পুলিশে দেয়া হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা সজাগ রয়েছে বলে জানায় তারা।
ঘটনার বিষয়ে বাকৃবির সহকারি প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, ‘আজ বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেট সংলগ্ন রেললাইনে টায়ার জ্বালানোর সময় দুজনকে আটক করা হয়েছে, আরেকজন পালিয়ে গেছে। তারা আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের নেতা বলে জানতে পেরেছি। পরবর্তীতে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








