
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪৮ শিক্ষার্থী আহত হয়েছে। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্ট ও শ্বাসনালির ক্ষতির শিকার হয়েছে তারা।
এছাড়া ছয় শিক্ষার্থী দগ্ধ হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং একজনকে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে তিনজন আইসিইউতে রয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে ফতুল্লার সাইনবোর্ডের ভুঁইঘর এলাকার শান্তিধারায় অবস্থিত জামিয়াতুল আশরাফিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ‘খবর পেয়ে রাত ২টা ৫ মিনিটে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কাঁচপুর ও শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের মোট পাঁচটি ইউনিট প্রায় ২৫ মিনিটের চেষ্টায় রাত ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর রাত ৩টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।’
এদিকে অগ্নিকাণ্ডে মাদরাসার দ্বিতীয় তলায় অবস্থিত প্রায় চার হাজার বর্গফুটের লাইব্রেরি ও অফিসকক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী, এ ঘটনায় আনুমানিক ১৫ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। তবে প্রায় ৫০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি জানান, আগুনে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
এদিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, হাসপাতালে আসা ৪৮ জনের মধ্যে আশঙ্কাজনক তিনজনকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। তারা হলেন ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।
চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘রাতে মাদরাসার একটি অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। মুহূর্তের মধ্যেই ভবনের ভেতরের চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে ভেতরে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। আতঙ্কে শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে বের হতে গেলে এবং ধোঁয়ার মধ্যে আটকা পড়ে তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে অসুস্থ অবস্থায় মোট ৪৮ শিক্ষার্থীকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








