
নিজস্ব প্রতিবেদক
ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক চলাচলে সরকারি বিধিনিষেধ এবং প্রস্তাবিত নীতিমালার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে ধর্মঘট ও বিক্ষোভ করেছেন চালকেরা। গতকাল সোমবার ১২ দফা দাবিতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
এ দিকে ধর্মঘট উপেক্ষা করে রাস্তায় রিকশা নামানোয় কয়েকটি স্থানে আন্দোলনকারী চালকদের সাথে অন্য চালকদের সংঘর্ষের ঘটনা ঘটে। চলাচলরত অটোরিকশা দেখতে পেয়ে ক্ষুব্ধ আন্দোলনকারীরা সেগুলোর ব্যাটারির তার ও বৈদ্যুতিক সংযোগের ক্যাবল ছিঁড়ে ফেলেন। এ সময় কয়েকজন চালককে মারধরের অভিযোগও পাওয়া গেছে। এমনকি যাত্রীদের রিকশা থেকে নামিয়ে দেয়া এবং তাদের ওপর হামলার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা যায়, গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ থেকে প্রকাশিত সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচলবিষয়ক বিধিমালাকে কেন্দ্র করে চালকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। এর প্রতিবাদেই তারা আন্দোলনে নামেন।
আন্দোলনকারী চালকদের দাবি, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে হঠাৎ করে নগরীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দিলে লাখ লাখ শ্রমিক ও তাদের পরিবার জীবিকা সঙ্কটে পড়বে। তাদের বক্তব্য, সরকার যানবাহন চলাচলে আইন ও বিধিনিষেধ প্রণয়ন করতে পারে। তবে শ্রমিকদের জীবিকার বিষয়টি বিবেচনায় না নিয়ে কঠোর সিদ্ধান্ত চাপিয়ে দেয়া গ্রহণযোগ্য নয়।
সরেজমিনে দেখা যায়, পুরানা পল্টন মোড় ও জাতীয় প্রেস ক্লাব এলাকায় শত শত রিকশাচালক অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। তাদের অবরোধের প্রভাব পড়ে জিরো পয়েন্ট, কদম ফোয়ারা ও মৎস্য ভবন মোড়সহ আশপাশের এলাকায়।
এসব সড়কে যানবাহন চলাচল প্রায় অচল হয়ে পড়ে। অন্য দিকে ধানমন্ডি, মোহাম্মদপুর ও শ্যামলীতেও সকাল থেকে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল ছিল তুলনামূলক কম।
আন্দোলনকারীরা তাদের জীবিকা ও ক্ষুদ্র পুঁজি রক্ষার দাবিতে বিআরটিএ ও সরকারের কাছে ১২ দফা দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ‘বিধিমালা-২০২৬’ সংশোধন করে শ্রমিকবান্ধব নীতি প্রণয়ন, বিআরটিএ-এর মাধ্যমে সহজে নিবন্ধন ও লাইসেন্স প্রদান, ফি সর্বোচ্চ এক হাজার টাকা করা এবং নিবন্ধনে দুই বছর সময় দেয়া, ঢালাও নিষেধাজ্ঞা প্রত্যাহার ও লেন পদ্ধতি চালু, বাণিজ্যিক মিটারের সংযোগ কাটা বন্ধ ও আগের সংযোগ বহাল রাখা।
প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো বিবেচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পর্যালোচনার জন্য পাঠানোর আশ্বাস দেয়া হয়। পরে বিকেলের দিকে আন্দোলনকারীরা সড়ক থেকে অবরোধ তুলে নিলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। তবে দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী চালকরা। প্রয়োজনে পুরো ঢাকা অচল করে দেয়ারও ঘোষণা দিয়েছেন তারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








