
ধর্মীয় বক্তা ড. জাকির নায়েকের প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরো পাঁচ বছর বাড়িয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (১৩ নভেম্বর) মন্ত্রণালয় এ নির্দেশ জারি করে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এই প্রতিষ্ঠান দেশের নিরাপত্তার পরিপন্থী কার্যকলাপে জড়িত রয়েছে এবং এর ফলে দেশের শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষ কাঠামো বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছে, ‘সন্ত্রাসবাদ এবং দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। সেই নীতিতে অবিচল থেকেই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।’
১৯৯১ সালের ফেব্রুয়ারি মাসে মুম্বাইয়ে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন জাকির নায়েক। পরবর্তীকালে তিনি ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান। ভারতীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোর অভিযোগ, জাকির নায়েক এবং তার সংস্থা উসকানিমূলক ভাষণের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় শত্রুতা ও ঘৃণা ছড়াচ্ছে।
এর আগে ২০১৬ সালের ১৭ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথমবার পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল। পরবর্তীতে ২০২১ সালের ১৫ নভেম্বর সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরো পাঁচ বছর বাড়ানো হয়। আগের নিষেধাজ্ঞার মেয়াদ চলতি বছরের ১৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। ঠিক তার আগেই নতুন করে বিজ্ঞপ্তি জারি করে নিষেধাজ্ঞার মেয়াদ আরো পাঁচ বছর বাড়িয়েছে মন্ত্রণালয়।
সূত্র : দ্য ওয়াল
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








