
ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে এক দুর্ঘটনাকে কেন্দ্র করে ১৫ টি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত শতাধিক যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী (৫০) গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে বেলা ৩টার দিকে পথিমধ্যে তার মৃত্যু হয়।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের বিএনপি সমর্থিত সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দু’টি গাড়িও রয়েছে।
এমপি সেলিমুজ্জামান ঢাকা থেকে নিজ নির্বাচনী যাওয়ার পথে মুকসুদপুরে যাচ্ছিলেন। এমপির গাড়িও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি অক্ষত রয়েছেন।
প্রথমে একটি ট্রাকের পিছনে ডলফিন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইক পরস্পরের সাথে ধাক্কা খায়। এ ঘটনায় চারটি যাত্রীবাহী বাস, দু’টি প্রাইভেটকার, দু’টি ট্রাক এবং দু’টি ইঞ্জিনচালিত ইজিবাইকসহ ১৫ যানবাহন সংঘর্ষ হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








