আনতালিয়ায় কপ৩১ শুরু আজ অর্থায়নে বড় প্রত্যাশা বাংলাদেশের

কাওসার আজম তুরস্ক থেকে
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্ত দেশগুলোর জন্য প্রতিশ্রুত অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষয়ক্ষতি মোকাবেলায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের প্রত্যাশা নিয়ে তুরস্কের ভূমধ্যসাগরীয় পর্যটননগরী আনতালিয়ায় আজ সোমবার শুরু হচ্ছে জাতিসঙ্ঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)। আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে ১২ দিনব্যাপী এ সম্মেলন। এতে বিশ্বের প্রায় ১৯৭টি দেশের প্রতিনিধিদল, রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, বিজ্ঞানী, গবেষক, আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী, পরিবেশবাদী সংগঠন ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেবেন।
এবারের সম্মেলনে জলবায়ু অর্থায়ন, খাদ্যনিরাপত্তা, কৃষির অভিযোজন, নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবেলার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে। জলবায়ু ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য সম্মেলনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় দেশের প্রয়োজনীয় অর্থের তুলনায় আন্তর্জাতিক সহায়তা ও অর্থায়ন অনেক কম। এ অবস্থায় উন্নত দেশগুলোর কাছ থেকে ঋণের পরিবর্তে অনুদান, অভিযোজন প্রকল্পে অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং ঐতিহাসিকভাবে বেশি কার্বন নিঃসরণকারী দেশগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জোরালোভাবে তুলে ধরবে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল মঙ্গলবার তুরস্কে পৌঁছানোর কথা রয়েছে। তিনি আগামী বুধ ও বৃহস্পতিবার (১১ ও ১২ নভেম্বর) অনুষ্ঠেয় আনতালিয়া লিডার্স সামিটে অংশ নেবেন। সেখানে বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, অভিযোজনের প্রয়োজনীয়তা, অর্থায়নের ঘাটতি ও জলবায়ু ন্যায়বিচারের বিষয়গুলো তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
তুরস্কের আনতালিয়া এক্সপো সেন্টারে সম্মেলনের আয়োজন করা হয়েছে। মূল ভেন্যু, নিরাপত্তা, পরিবহন, আবাসন ও সংবাদমাধ্যমের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। সম্মেলনের মূল আলোচনার পাশাপাশি বিভিন্ন দেশের প্যাভিলিয়ন, প্রযুক্তি ও উদ্ভাবনী প্রদর্শনী, উচ্চপর্যায়ের বৈঠক ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নই এবারের চ্যালেঞ্জ
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গত কয়েক দশকে আন্তর্জাতিক পর্যায়ে নানা চুক্তি, ঘোষণা ও প্রতিশ্রুতি এসেছে। ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি প্রাক-শিল্পায়ন সময়ের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে রাখা এবং ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে সীমিত রাখার প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার করা হয়েছিল। কিন্তু কার্বন নিঃসরণ কমানো, জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি।
এবারের সম্মেলনের অন্যতম লক্ষ্য আগের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করা। তুরস্কের প্রেসিডেন্সি সংলাপ, ঐকমত্য ও কার্যকর পদক্ষেপ- এই তিন মূলনীতির ভিত্তিতে সম্মেলন পরিচালনার কথা জানিয়েছে। অর্থাৎ নতুন ঘোষণা ও প্রতিশ্রুতির পাশাপাশি বাস্তবায়নযোগ্য সিদ্ধান্ত, অর্থায়ন এবং আন্তর্জাতিক অংশীদারত্বকে গুরুত্ব দেয়া হবে। তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম সম্মেলনের সভাপতির দায়িত্ব পালন করবেন। অন্য দিকে অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানিবিষয়ক মন্ত্রী ক্রিস বোয়েন আলোচনায় নেতৃত্ব দেবেন। তুরস্ক আয়োজক দেশ হিসেবে এবং অস্ট্রেলিয়া আলোচনার নেতৃত্বে সহযোগিতা করছে।
বুধ ও বৃহস্পতিবার বিশ্বনেতাদের সম্মেলন
কপ৩১-এর অন্যতম আকর্ষণ ১১ ও ১২ নভেম্বরের আনতালিয়া লিডার্স সামিট। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের আমন্ত্রণে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এতে অংশ নেবেন। জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসেরও সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও বিশ্বনেতাদের এ আয়োজনে অংশ নেবেন।
সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় রাজনৈতিক অঙ্গীকার, বৈশ্বিক সহযোগিতা, কার্বন নিঃসরণ কমানো, জলবায়ু অর্থায়ন এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিযোজন সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। নেতারা নিজ নিজ দেশের জলবায়ু কর্মপরিকল্পনা ও অগ্রগতিও তুলে ধরবেন। প্রচলিত সম্মেলনসূচির তুলনায় এবারের বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন কিছুটা ভিন্ন সময়ে অনুষ্ঠিত হচ্ছে। মূল সম্মেলন শুরুর দুই দিন পর উচ্চপর্যায়ের এ আয়োজন শুরু হবে।
১০ অগ্রাধিকারে জলবায়ু কর্মসূচি
কপ৩১-এর কর্মসূচিতে ১০টি বিষয়কে অগ্রাধিকার দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শূন্য বর্জ্য ও বর্জ্য ব্যবস্থাপনা, সমুদ্র ও সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ, খাদ্যনিরাপত্তা, জলবায়ু সহনশীল নগর, জলবায়ু কর্মসূচি বাস্তবায়নে সমন্বয়, যুবসমাজ ও শিক্ষা, সবুজ শিল্পায়ন, পরিচ্ছন্ন জ্বালানি, জলবায়ু-জীববৈচিত্র্য-ভূমি অবক্ষয় মোকাবেলায় সমন্বিত উদ্যোগ এবং জলবায়ু সহনশীল স্বাস্থ্যব্যবস্থা।
সম্মেলনের প্রথম দিন আজ সোমবার খাদ্য, কৃষি ও স্বাস্থ্য নিয়ে আলোচনা হবে। আগামীকাল মঙ্গলবার গুরুত্ব পাবে জ্বালানি ও পরিবহন খাত। এরপর ১১ ও ১২ নভেম্বর বিশ্বনেতাদের সম্মেলন অনুষ্ঠিত হবে। পরবর্তী দিনগুলোতে অর্থায়ন ও বাণিজ্য, যুবসমাজ ও শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, সমুদ্র ও প্রকৃতি, মানবিক ও সামাজিক উন্নয়ন এবং জলবায়ু কর্মসূচির বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে। ২০ নভেম্বর চূড়ান্ত দর-কষাকষি ও সমাপনী কার্যক্রম নির্ধারিত রয়েছে।
জলবায়ু অর্থায়নে বড় প্রত্যাশা 
এবারের সম্মেলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার একটি হবে জলবায়ু অর্থায়ন। উন্নয়নশীল দেশগুলোর দাবি- জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী উন্নত দেশগুলোকে দায়িত্ব অনুযায়ী অর্থায়ন বাড়াতে হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন, দুর্যোগ মোকাবেলা ও পুনর্বাসনে সহজ শর্তে অনুদান নিশ্চিত করতে হবে।
কপ২৯-এ ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়। একই সাথে সরকারি-বেসরকারি সব উৎস থেকে বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার অর্থায়ন সংগ্রহের প্রচেষ্টার কথা বলা হয়। তবে এ অর্থ কিভাবে সংগ্রহ হবে, কতটা অনুদান ও কতটা ঋণ হবে, কোন দেশ কতটা পাবে এবং অর্থ ছাড়ের প্রক্রিয়া কী হবে- এসব বিষয়ে এখনো উদ্বেগ রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু অর্থায়নের নামে ঋণের বোঝা চাপিয়ে দিলে উন্নয়নশীল দেশগুলোর সঙ্কট আরো বাড়বে। তাই নতুন ও অতিরিক্ত অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করা জরুরি। কপ৩১-এ বাকু-বেলেম রোডম্যাপের মাধ্যমে ২০৩৫ সালের মধ্যে বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার অর্থায়নের লক্ষ্য বাস্তবায়নের পথ নিয়েও আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
বাংলাদেশের চাহিদা ১১৬ বিলিয়ন ডলারের বেশি
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের অর্থায়নের চাহিদা বিশাল। দেশের হালনাগাদ জাতীয় জলবায়ু অঙ্গীকার বা এনডিসি বাস্তবায়নে ২০৩৫ সাল পর্যন্ত ১১৬ দশমিক ১৮ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। এর মধ্যে ৯০ দশমিক ২৩ বিলিয়ন ডলার আন্তর্জাতিক সহায়তা থেকে সংগ্রহের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছে নাগরিক সমাজের সংগঠনগুলো। এ ছাড়া ২০২৩-২০৫০ মেয়াদের জাতীয় অভিযোজন পরিকল্পনায় ১১৩টি উদ্যোগ বাস্তবায়নে প্রায় ২৩০ বিলিয়ন ডলার প্রয়োজন বলে উল্লেখ রয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গত ২৭ অক্টোবর কপ৩১-এ বাংলাদেশের প্রতিনিধিদলের জন্য একটি নীতিপত্র প্রকাশ করে। এতে জলবায়ু অর্থায়নের স্বচ্ছতা ও জবাবদিহি, ঋণের পরিবর্তে অনুদান, অভিযোজন প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধের বিষয়ে জোর দেয়া হয়েছে।
টিআইবির তথ্য অনুযায়ী, ২০২০-২০৩০ মেয়াদে বাংলাদেশের বছরে গড়ে প্রায় ২০ বিলিয়ন ডলার প্রয়োজন হলেও ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত আন্তর্জাতিক উৎস থেকে বাংলাদেশ পেয়েছে মাত্র ৮০০ মিলিয়ন ডলারের মতো। জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে বছরে ৮ দশমিক ৫ থেকে ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার প্রয়োজনের বিপরীতে অর্থায়ন পাওয়া যাচ্ছে প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার। সংস্থাটি জলবায়ু অর্থায়নে ঋণনির্ভরতা কমানো, অর্থ ছাড়ের প্রক্রিয়া সহজ করা এবং দেশের অভ্যন্তরে জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করার সুপারিশ করেছে।
অনুদানভিত্তিক অর্থায়ন চাইবে বাংলাদেশ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু গত ৫ নভেম্বর সচিবালয়ে সংবাদ সম্মেলনে কপ৩১-এ বাংলাদেশের অগ্রাধিকার তুলে ধরেন। তিনি বলেন, ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহ মানুষের জীবন, জীবিকা ও উন্নয়নকে ঝুঁকির মুখে ফেলছে। এ অবস্থায় জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার ও জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা প্রয়োজন।
বাংলাদেশের অন্যতম প্রধান দাবি থাকবে অভিযোজন ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় ঋণের পরিবর্তে অনুদান নিশ্চিত করা। একই সাথে জলবায়ু তহবিলের আবেদন, অনুমোদন ও অর্থ ছাড়ের প্রক্রিয়া সহজ করার দাবি জানানো হবে। অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি বাস্তুচ্যুতি, জীবিকা হারানোসহ অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি মোকাবেলায় নতুন ও অতিরিক্ত সহায়তা চাওয়া হবে।
জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন, প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধির সহযোগিতাও চাইবে বাংলাদেশ। উপকূলীয় অঞ্চল, হাওর, চর ও খরাপ্রবণ এলাকার মানুষের পানি, খাদ্য, স্বাস্থ্য ও জীবিকার নিরাপত্তা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে অভিযোজন কার্যক্রমে গুরুত্ব দেয়া হবে।
বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্যে দ্রুত কার্বন নিঃসরণ কমাতে উন্নত দেশগুলোর নেতৃত্ব দাবি করবে ঢাকা। প্রধান নিঃসরণকারী দেশগুলোকেও নিজ নিজ দায়িত্ব ও সক্ষমতা অনুযায়ী কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হবে। উন্নয়নশীল দেশগুলোর শর্তসাপেক্ষ এনডিসি বাস্তবায়নে অর্থায়ন ও প্রযুক্তি সহায়তার দাবিও থাকবে।
কৃষি ও খাদ্যনিরাপত্তায় বিশেষ গুরুত্ব
কপ৩১-এর প্রথম দিনের মূল প্রতিপাদ্য খাদ্য, কৃষি ও স্বাস্থ্য। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি উৎপাদন, খাদ্য সরবরাহ ও গ্রামীণ মানুষের জীবিকা ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, খরা, বন্যা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা ও পানির সঙ্কট কৃষির উৎপাদনশীলতায় নেতিবাচক প্রভাব ফেলছে।
তুরস্কের আয়োজক কর্তৃপক্ষের খাদ্যনিরাপত্তা কর্মসূচিতে জলবায়ু সহনশীল কৃষি, খাদ্য-পানি-জলবায়ুর পারস্পরিক সম্পর্ক, নারী কৃষকের অর্থায়ন এবং তরুণদের কৃষি ও খাদ্যব্যবস্থায় সম্পৃক্ত করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, জলবায়ু অভিঘাতের কারণে বিশ্বে প্রায় ৩১ কোটি ৮০ লাখ মানুষ তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার মুখোমুখি। অন্য দিকে, বৈশ্বিক গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের প্রায় এক-তৃতীয়াংশের সাথে খাদ্যব্যবস্থার সম্পর্ক থাকলেও জলবায়ু অর্থায়নের মাত্র ৪ শতাংশ এ খাতে যাচ্ছে। এ ব্যবধান কমানোর ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
বাংলাদেশের জন্য এ আলোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা, উত্তরাঞ্চলে খরা, হাওর এলাকায় আকস্মিক বন্যা এবং দেশের বিভিন্ন অঞ্চলে অনিয়মিত বৃষ্টিপাত কৃষি উৎপাদনকে প্রভাবিত করছে। এ অবস্থায় লবণাক্ততা ও খরাসহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন, জলবায়ু সহনশীল কৃষিপ্রযুক্তি, পানি ব্যবস্থাপনা, কৃষকের জন্য আগাম সতর্কবার্তা ও কৃষি গবেষণায় অর্থায়ন বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্যাশা।
কৃষি ও খাদ্যনিরাপত্তার প্রশ্নটি বাংলাদেশের জন্য শুধু উৎপাদন বৃদ্ধির বিষয় নয়; এর সাথে জড়িয়ে রয়েছে কৃষকের আয়, গ্রামীণ কর্মসংস্থান, খাদ্যের দাম এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা। তাই জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে কৃষিব্যবস্থাকে টেকসই করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও প্রযুক্তিগত সহায়তা চায় বাংলাদেশ।
ব্লু ও গ্রিন জোনে বাংলাদেশের প্যাভিলিয়ন
আনতালিয়ায় সম্মেলনস্থলের ব্লু জোনে বাংলাদেশ সরকারের ১০০ বর্গমিটারের প্যাভিলিয়ন স্থাপন করা হচ্ছে। সেখানে দেশের জলবায়ু ঝুঁকি, অভিযোজন অভিজ্ঞতা, এনডিসি ৩.০, জাতীয় অভিযোজন পরিকল্পনা, জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি, কার্বন বাজার, নবায়নযোগ্য জ্বালানি ও স্থানীয় উদ্যোগ তুলে ধরা হবে। গ্রিন জোনে পাটপণ্যের প্রদর্শনীর জন্য আলাদা প্যাভিলিয়ন থাকবে।
নারীর নেতৃত্ব, স্থানীয় উদ্ভাবন এবং জলবায়ু দুর্যোগে নারী ও শিশুদের ওপর প্রভাবও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে চায় বাংলাদেশ। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে জাতীয় অবস্থানপত্র তৈরি করা হয়েছে। স্বল্পোন্নত দেশগুলোর জোট, জি-৭৭ এবং সমমনা জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সাথে সমন্বয় করে জাতীয় স্বার্থে কাজ করবে বাংলাদেশের প্রতিনিধিদল।
নিরাপত্তা, পরিবহন ও সংবাদমাধ্যমের জন্য বিশেষ আয়োজন
আনতালিয়া এক্সপো সেন্টারে সম্মেলনের মূল ভেন্যু প্রস্তুত করা হয়েছে। জাতিসঙ্ঘের আনুষ্ঠানিক আলোচনা ও দর-কষাকষি হবে ব্লু জোনে। অন্য দিকে গ্রিন জোনে থাকবে সাধারণ দর্শনার্থী, নাগরিক সমাজ, বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রযুক্তি প্রদর্শনীর আয়োজন। সম্মেলনকে পরিবেশবান্ধব করতে বর্জ্য ব্যবস্থাপনা, সম্পদের দক্ষ ব্যবহার এবং টেকসই আয়োজনের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। তুরস্ক জানিয়েছে, সম্মেলনের আগে তারা ইভেন্ট সাসটেইনেবিলিটি ম্যানেজমেন্ট ও জিরো ওয়েস্ট-সংক্রান্ত সনদ অর্জন করেছে।

Advertisement