
ক্লাব ফুটবলের ব্যস্ততা কাটিয়ে বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপ অভিযানে যোগ দিচ্ছেন হামজা চৌধুরী। শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ১১ নভেম্বরের ম্যাচে তাকে নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।
সোমবার (৯ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছেছেন জাতীয় দলের এই মিডফিল্ডার।
শেফিল্ড ইউনাইটেডের হয়ে ব্যস্ত সূচির কারণে ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলতে পারেননি হামজা। তবে তাকে ছাড়াই টুর্নামেন্টের শুরুটা জয় দিয়ে করেছে স্বাগতিকরা। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারায় বাংলাদেশ।
রোববার শ্রীলঙ্কা ও ভুটানের ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি এখন গ্রুপের শীর্ষস্থান নির্ধারণের লড়াই।
সেই ম্যাচের আগে হামজার দলে যোগ দেয়া নিঃসন্দেহে স্বস্তির খবর বাংলাদেশের জন্য। আজ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে আরেক তারকা ফুটবলার ফারহান আলী ওয়াহিদেরও।
এদিকে ভুটানের বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্মআপের সময় চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়া তপু বর্মণের অবস্থারও উন্নতি হচ্ছে। বিদেশী ফিটনেস ট্রেনারের অধীনে চলছে তার পুনর্বাসন। তবে শ্রীলঙ্কার বিপক্ষে তাকে খেলানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের কোচ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








