আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন
জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৈঠকে সভাপতিত্ব করেন : পিআইডি।

নিজস্ব প্রতিবেদক

Advertisement

দীর্ঘ ৬০ দিনের বিরতি শেষে আজ সোমবার বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। অধিবেশনটি আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলতে পারে। অধিবেশনের প্রথম দিনেই তিনটি অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হবে। এগুলো হলো- সরকারি ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।
গত ১০ সেপ্টেম্বর তৃতীয় অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের ব্যবধানে এই অধিবেশন শুরু হচ্ছে। গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবিধানিক ক্ষমতাবলে সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশনের কার্যসূচি ও সময় নির্ধারণ নিয়ে সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। স্পিকার ও কমিটির সভাপতি হাফিজ উদ্দিন আহমদের  সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিরোধীদলীয় নেতা ও কমিটির সদস্য ডা. শফিকুর রহমানও অংশ নেন।
বৈঠকে সিদ্ধান্ত হয়, শুক্রবার ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের অধিবেশন শুরু হবে। তবে অধিবেশনের প্রয়োজন বিবেচনায় বৈঠকের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেয়া হয়েছে।
এ অধিবেশনকে সামনে রেখে সংসদ সদস্যদের পক্ষ থেকে মোট তিন হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীকে উত্তর দেয়ার জন্য জমা দেয়া হয়েছে ১৭৪টি প্রশ্ন। অধিবেশনে এসব প্রশ্নের জবাব এবং সংসদের নিয়মিত আইন প্রণয়ন ও অন্যান্য কার্যক্রম গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন এলাকাকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণার প্রস্তাব দেন। বৈঠকে উপস্থিত সবাই সর্বসম্মতিক্রমে প্রস্তাবটিকে স্বাগত জানান।
এ ছাড়া জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি সম্পর্কেও খোঁজ নেন প্রধানমন্ত্রী। জবাবে সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ও সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সংসদ ভবনে এমন একটি সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে, যার উৎপাদনক্ষমতা হবে সাত মেগাওয়াট।
তিনি জানান, সংসদের অধিবেশন চলাকালে ভবনটির বিদ্যুতের চাহিদা প্রায় ছয় মেগাওয়াট। অন্য সময়ে চাহিদা আরো কম থাকে। ফলে প্রস্তাবিত সৌরবিদ্যুৎকেন্দ্রটি চালু হলে সংসদ ভবনের নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
সংসদের এবারের অধিবেশনে তিনটি অধ্যাদেশ উত্থাপনের পাশাপাশি এগুলোর পরবর্তী আইনগত প্রক্রিয়া, সংসদীয় কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে সরকারি ক্রয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক এবং সৌরবিদ্যুৎ স্থাপনসংক্রান্ত অধ্যাদেশগুলোর বিষয়ে সংসদের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। 
কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক গতকাল প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এমপির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। 
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে জাতীয় সংসদের স্পিকার ও কার্য উপদেষ্টা কমিটির সভাপতি মেজর (অব:) হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে বিরোধীদলীয় নেতা ও কমিটির সদস্য ডা. মো: শফিকুর রহমান এমপি, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, কমিটির সদস্য এ টি এম আজহারুল ইসলাম এমপি এবং বিরোধীদলীয় চিফ হুইপ ও কমিটির সদস্য মো: নাহিদ ইসলাম এমপিসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।