
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের বন্দর থানার তালতলা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঘিরে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আওয়ামী লীগের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শুক্রবার বিকেলে পোর্ট কানেকটিং রোডের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে আওয়ামী লীগের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে রাতেই বন্দর থানায় মামলা করা হয়েছে।
বন্দর থানার ওসি আবদুর রহিম বলেন, হঠাৎ মিছিল বের করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মিছিলে বাধা দিলে অংশগ্রহণকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশের একটি গাড়ির কাচও ভাঙচুর করা হয়।
ওসি আরো বলেন, ইটপাটকেল নিক্ষেপের পরও পুলিশ মিছিলে অংশগ্রহণকারীদের ধরতে ধাওয়া শুরু করে। পরে ঘটনাস্থল থেকে ২০ জনকে গ্রেফতার করা হয়। অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








