শাহ আমানতে দুবাইফেরত যাত্রীর ব্যাগে ৮ লাখ টাকার নিষিদ্ধ ক্রিম

চট্টগ্রাম ব্যুরো

Advertisement

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগেজ থেকে ৪০ কেজি ওজনের এক হাজার ৩০০ পিস নিষিদ্ধ ‘ফ্রেশ অ্যান্ড হোয়াইট বিউটি ক্রিম’ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। জব্দ করা এসব ক্রিমের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রামগামী বিজি-১৪৮ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ জাহেদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে এসব ক্রিম পাওয়া যায়।
কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, নিষিদ্ধ এসব প্রসাধনী আমদানি প্রযোজ্য আমদানি নীতি আদেশের বিধান লঙ্ঘন। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্যের অবৈধ আমদানি ও বাজারজাতকরণ ঠেকাতে বিমানবন্দরে নজরদারি অব্যাহত রয়েছে।