
কানাডার জনপ্রিয় খাবার ‘পুতিন’ এবার জায়গা করে নিতে যাচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস)। কানাডীয় নভোচারী জশুয়া কুটরিকের জন্য বিশেষ খাবার হিসেবে এটি পাঠানো হচ্ছে বলে শুক্রবার (২৭ নভেম্বর) জানিয়েছে কানাডিয়ান স্পেস অ্যাজেন্সি (সিএসএ)।
তবে মহাকাশযাত্রার উপযোগী করতে খাবারটির প্রচলিত রেসিপিতে কিছু পরিবর্তন আনা হয়েছে।
ফরাসিভাষী প্রদেশ কুইবেকের জনপ্রিয় এই খাবার সাধারণত ফ্রেঞ্চ ফ্রাই, গ্রেভি বা মাংসের ঝোলজাতীয় সস এবং পনিরের বিশেষ টুকরা দিয়ে তৈরি করা হয়। তবে মহাকাশ স্টেশনে পাঠানোর জন্য নির্ধারিত খাদ্য-সংক্রান্ত নির্দেশনা মেনে কানাডিয়ান স্পেস অ্যাজেন্সি কুইবেকের শেফ ইভস লোয়ের সহযোগিতায় তৈরি করেছে দুগ্ধজাত উপাদানমুক্ত ‘স্পেস ভেগান পুটিন’।
ইভস লোয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হকি লিগের (এনএইচএল) মন্ট্রিল কানাডিয়ানস দলের প্রধান শেফ হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আমি কল্পনা করেছি, জশ যখন তার প্রিয় পুতিন খাবারটি খাবেন, তখন তার মনে হবে তিনি যেন নিজের বাড়ির পরিবেশ ফিরে পেয়েছেন।’
খাবারটি বিশেষ প্রক্রিয়ায় পানি অপসারণ করে সংরক্ষণযোগ্য করা হয়েছে, যাকে বলা হয় ফ্রিজ-ড্রাইং। চলতি সপ্তাহান্তে উৎক্ষেপণের কথা থাকা একটি মহাকাশ স্টেশনের রসদ সরবরাহ অভিযানের অংশ হিসেবে এটি মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









