ড্রোন
ড্রোন। সংগৃহীত ছবি
ads

প্রথমবারের মতো লেজার অস্ত্র ব্যবহার করে রাশিয়ার জেটচালিত একটি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন। দেশটির রাষ্ট্রীয় সহায়তাপুষ্ট প্রতিরক্ষা গোষ্ঠী ব্রেভ১ শুক্রবার (২৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা সেরহি বেস্করেস্তনভ একটি ভিডিও প্রকাশ করেন। এতে আকাশ থেকে আগুনের গোলা হয়ে একটি লক্ষ্যবস্তুকে নিচে আছড়ে পড়তে দেখা যায়। 

তিনি জানান, প্রথমবারের মতো লেজার ব্যবস্থার সাহায্যে রাশিয়ার ‘গেরান’ জেটচালিত ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

ব্রেভ১ জানায়, সম্প্রতি অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শত্রুপক্ষের একটি জেটচালিত ড্রোন ধ্বংস করতে ইউক্রেনের একটি লেজার ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে।

তারা আরো জানায়, ব্রেভ১-এর অনুদানপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান অস্ত্রটি তৈরি করেছে। এটি পরিচালনা করেছে বেসরকারি একটি আকাশ প্রতিরক্ষা দল।

তবে ব্রেভ১ সতর্ক করে বলেছে, ‘প্রথমবারের মতো সফলভাবে ড্রোন ভূপাতিত করতে পারার অর্থ এই নয় যে, প্রযুক্তিটি ব্যাপকভাবে ব্যবহারের জন্য প্রস্তুত।’

সংস্থাটি বলেছে, ‘লেজারভিত্তিক আকাশ প্রতিরক্ষা এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।’ 

ইউক্রেনে বর্তমানে কমপক্ষে সাতটি দল লেজার অস্ত্র তৈরির কাজ করছে বলেও জানায় সংস্থাটি।

জেলেনস্কির উপদেষ্টা বেস্করেস্তনভ জানান, কারমাইন স্কাইয়ের তৈরি ‘ব্লিস্ক’ নামের এই ব্যবস্থা ব্যবহারের সময় গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষায় নিয়োজিত ছিল।

যুদ্ধ শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হচ্ছে ইউক্রেন। সাম্প্রতিক মাসগুলোতে মস্কো জেটচালিত ড্রোনের ব্যবহার বাড়িয়েছে। আগের মডেলগুলোর তুলনায় এসব ড্রোন দ্রুতগতির এবং ভূপাতিত করাও কঠিন।

ব্রেভ১-এর তথ্য অনুযায়ী, ১৯৭০-এর দশক থেকে লেজার অস্ত্র তৈরির কাজ চলছে। তবে মাত্র কয়েকটি দেশ এ প্রযুক্তি কার্যকরভাবে ব্যবহার করছে। আকাশে উড়ন্ত লক্ষ্যবস্তু লেজার প্রযুক্তি দিয়ে সফলভাবে ভূপাতিত করার ঘটনা এখনো বিরল।

সূত্র : বাসস