আগামীকালের মধ্যেই ইসরাইলের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার আভাস

আলজাজিরা ও  দ্য টাইমস অব ইসরাইল 

Advertisement

ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে পরবর্তী সরকার গঠনের জন্য আগামীকাল  রোববারের মধ্যেই চূড়ান্ত প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার সিদ্ধান্ত জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। ইতোমধ্যেই ১২০ আসনবিশিষ্ট নেসেটে নির্বাচিত প্রধান দলগুলোর বেশির ভাগ আইনপ্রণেতা বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিবর্তে বিরোধীদের জোট নেতা সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের প্রতি তাদের প্রকাশ্যে সমর্থন ব্যক্ত করেছেন। ইসরাইলের পার্লামেন্ট নেসেটে প্রতিনিধিত্বকারী দলগুলোর প্রতিনিধিদের সাথে দিনভর ধারাবাহিক আলোচনার পর প্রেসিডেন্ট হারজোগ সংবাদমাধ্যমের সামনে এই গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেন। প্রেসিডেন্ট দফতরের আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোটকে প্রধানমন্ত্রী করার পক্ষে নেসেটের সর্বোচ্চ ৬৭ জন সদস্য সুপারিশ জমা দিয়েছেন। বিপরীতে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঝুলিতে সমর্থন জমেছে মাত্র ৪৬ জন আইনপ্রণেতার।
রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শেষে টেলিভিশনে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট হারজোগ বলেন, বাহ্যিকভাবে রাজনৈতিক হিসাব-নিকাশ ও আইনপ্রণেতাদের দেয়া এই সুপারিশের সংখ্যা বেশ স্পষ্ট বলে মনে হলেও বাস্তবতা জটিল। বিভিন্ন রাজনৈতিক জোটের অভ্যন্তরীণ মতপার্থক্য এবং একে-অপরের সিদ্ধান্তের ওপর পারস্পরিক ভেটো বজায় রাখার প্রবণতা বিদ্যমান থাকায় শেষ পর্যন্ত কোন দলের নেতৃত্বাধীন জোট বাস্তবে স্থায়ী সরকার গঠনে সক্ষম হবে, তা এখনো পুরোপুরি নিশ্চিত বলা সম্ভব নয়। তিনি আরো উল্লেখ করেন, সপ্তাহান্তের নির্ধারিত ছুটির দিনগুলোতে তিনি বিভিন্ন দলের শীর্ষ নেতৃত্বের সাথে ব্যক্তিগত ও গোপনীয়ভাবে দ্বিপক্ষীয় আলোচনা অব্যাহত রাখবেন এবং আগামী রোববারেই তার চূড়ান্ত সিদ্ধান্ত দেশটির সামনে পেশ করবেন। উল্লেখ্য, গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরাইলের বিতর্কিত সাধারণ নির্বাচনে নেতানিয়াহু কিংবা আইজেনকোট- কোনো পক্ষই স্পষ্ট কোনো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সমর্থ হয়নি। ফলে রাজনৈতিকভাবে চরম বিভক্ত এই দেশে পরবর্তী সরকার গঠনের জন্য প্রার্থী মনোনয়নের গুরুদায়িত্ব এসে পড়েছে প্রেসিডেন্টের ওপর।
নির্বাচনী ফলাফলে দেখা যায়, একক দল হিসেবে নেতানিয়াহুর ‘লিকুদ’ পার্টি সর্বোচ্চ ২৭টি আসনে জয় নিশ্চিত করলেও তার সমর্থক উগ্র জাতীয়তাবাদী জোট সবমিলিয়ে পেয়েছে ৫৩টি আসন। অপর দিকে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন মধ্য-বাম থেকে ডানপন্থী রাজনৈতিক শক্তির চারদলীয় জোট ‘ইয়াশার’ জয়লাভ করে ৪৮টি আসনে।

 

Advertisement