
নয়া দিগন্ত ডেস্ক
পৃথক সড়ক দুঘটনায় দেশের বিভিন্ন স্থানে এক ব্যবসায়ীসহ পাঁচজন নিহত হয়েছেন।
মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা জানান, কক্সবাজারের মহেশখালী উপজেলার কালমাদিয়ার ঢালায় সড়ক দুর্ঘটনায় আমান উল্লাহ (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে শাপলাপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে মহেশখালী থানা পুলিশ। নিহত আমান উল্লাহ উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের উত্তরকুল এলাকার বাসিন্দা। তার বাবার নাম হোসেন আহমদ। তিনি পেশায় একজন স্ক্র্যাপ ব্যবসায়ী ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শাহীন আলম (১৪) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাহীন আলম ফুলবাড়ী সদর ইউনিয়নের কুঠিরচন্দ্রখানা নাখারজান গ্রামের কাশেম আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা জানান, পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি পরিবহনের ধাক্কায় মো: সামসল আলম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হলে বাকেরগঞ্জ-কাঁঠালতলী-সুবদখালী-বরগুনা সড়কের উত্তর চৈতা আকনবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার সাথে থাকা সাখাওয়াত হোসেন নামে ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। নিহত শামসুল আলম নয়া মিয়া উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর চৈতা গ্রামের মোহাম্মদ আলী চৌকিদারের ছেলে।
সিংড়া (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের সিংড়ায় বালুবাহী ট্রলির পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহীর মৃত্যু হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৮টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার ফরিদনগর আজর দর্গা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বগুড়ার গাবতলী রামেশ্বরপুর গ্রামের দুদু মোল্লার ছেলে মোটরসাইকেল চালক আবু বক্কর সিদ্দিক (৩২) ঘটনাস্থলেই মারা যান। আর পেছনে থাকা একই এলাকার সাবেদ আলীর ছেলে মোটরসাইকেল আরোহী বেলাল হোসেন (৪০) গুরুতর আহত হলে তাকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার চিকিৎসাধীন অবস্থার তারও মৃত্যু হয়। নিহতরা আপন শালা-দুলাভাই। তারা বগুড়া থেকে মোটরসাইকেল নিয়ে সিংড়া উপজেলার গুটিয়া-মহিষমারী এলাকায় মামার জানাজায় যাওয়ার পথে এই দুর্ঘটনায় নিহত হন বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








