সার্বিয়া, জাপানসহ ১২ দেশে যাওয়ার ছাড়পত্র না দিতে বিএমইটিকে নির্দেশনা

 নিজস্ব প্রতিবেদক 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া সার্বিয়া, মলদোভা, রাশিয়া, জাপানসহ মোট ১২ দেশের বিদেশগামীদের বহির্গমন ছাড়পত্র না দেয়ার জন্য জনশক্তি কর্মসংস্থান ব্যুরোকে নির্দেশনা দেয়া হয়েছে। 
গত বুধবার প্রবাসী কল্যানণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব গাজী মো: শাহেদ আনোয়ার স্বাক্ষরিত একটি চিঠি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালকের কাছে পাঠানো হয়। 
এতে বলা হয়, মন্ত্রণালয়ের নিয়োগানুমতি ব্যতীত উপরোল্লিখিত দেশগুলো ছাড়াও বেলারুশ, কঙ্গো, ইরাক, লাউস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়াগামী কর্মীদের অনুকূলে বহির্গমন ছাড়পত্র ইস্যু না করার জন্য বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদকে অনুরোধ করা হয়।
এর আগে সার্বিয়াগামী কয়েকশ’ শ্রমিক বহির্গমন ছাড়পত্র পেতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় বিক্ষোভে অংশ নেয়াদের মধ্য থেকে পাঁচ সদস্যর একটি প্রতিনিধিদলের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক, সচিব মো: মোখতার আহমেদের সাথে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত থেকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক জামিল আহমেদ জানান, সার্বিয়াগামীদের বিষয়টি দেখে থাকে ইতালির রোমের বাংলাদেশ দূতাবাস। তারা জানিয়েছে, তাদের দূতাবাসে মোট ১৪টি কোম্পানির নামে কর্মীদের ভিসা ও কাজ ঠিক আছে কি না তা যাচাই করার জন্য দেয়া হয়। যাচাইয়ে দূতাবাস থেকে জানিয়েছে, ১৪টি কোম্পানির মধ্য দু’টি কোম্পানির অস্তিত্ব আছে। বাকি সব কোম্পানিই ভুয়া। এরপরই এসব কর্মীদের বহির্গমন ছাড়পত্র দেয়ার বিষয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, যাদের ভিসা ঠিক পাওয়া যাবে তাদের ক্লিয়ারেন্স দ্রুত দেয়া হবে। আর যারা জালিয়াতির আশ্রয় নিয়েছে তাদের কাউকে ছাড়া হবে না।

Advertisement