চট্টগ্রামে শিশুকে বলাৎকারের পর হত্যা ১ আসামির মৃত্যুদণ্ড

 চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের পতেঙ্গায় আট বছরের শিশু সোহাগকে বলাৎকারের পর নৃশংসভাবে হত্যার দায়ে মো: ইমন (২০) নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত-১ এর অতিরিক্ত দায়রা জজ নিষ্কৃতি হাগিদক এই রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৮ মার্চ নিখোঁজ হয় শিশু সোহাগ। দীর্ঘ খোঁজাখুঁজির পর ওই দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে পতেঙ্গা মডেল থানার খালপাড় চেয়ারম্যান গলির শাহিদের মালিকাধীন একটি পরিত্যক্ত ভাড়া ঘর থেকে শিশুটির উদ্ধার করা হয়। তদন্তে বেরিয়ে আসে, বরই খাওয়ানোর লোভ দেখিয়ে শিশু সোহাগকে ওই পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়েছিল ইমন। সেখানে তাকে বলাৎকারের পর তাকে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের বাবা মো: ফারুক হোসেন ভূঁইয়া বাদি হয়ে পতেঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Advertisement