ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত যুবককে আটক করে হাসপাতালে নেয়া হচ্ছে
ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত যুবককে আটক করে হাসপাতালে নেয়া হচ্ছে। নয়া দিগন্ত
ads

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে গুরুতর আহত মো: নাজমুল কবির ওরফে নূরুলকে (৩২) আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। ওই বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন আটক নাজমুলের বন্ধু টমাস আলী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে রাজশাহী নগরীর একটি বাসা থেকে আহত অবস্থায় তাকে আটক করা হয়। বিস্ফোরণের পর পালিয়ে এসে ওই বাসায় গোপনে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে স্যালাইনসহ তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন টমাস আলী। বিস্ফোরণে আরো তিনজন আহত হন। তাদের মধ্যে নাজমুলও ছিলেন। আহত অবস্থায় তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

নিহত টমাস আলী চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুলের ব্যক্তিগত সহকারী ছিলেন। 

অন্যদিকে আটক নাজমুলের বাড়ি শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকায়। সেখানে তার একটি চায়ের দোকান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় নাজমুলও ককটেল তৈরির সাথে সম্পৃক্ত বলে পরিচিতি রয়েছে। পুলিশের একটি সূত্রেরও ধারণা, ককটেল তৈরির কাজে তার সংশ্লিষ্টতা রয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আহত অবস্থায় নাজমুল প্রথমে রাজশাহী নগরীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন। পরে তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় পূর্বপরিচিত এক নারীর ভাড়া বাসায় আশ্রয় নেন। ওই বাসার মালিক রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো: আলাউদ্দিন।

বাসার ভাড়াটিয়া নারী জানান, নাজমুল তাদের পূর্বপরিচিত। বুধবার ক্লিনিকে চিকিৎসা নেয়ার পর তার স্ত্রী তাকে ওই বাসায় নিয়ে আসেন। বৃহস্পতিবার ড্রেসিং করানোর পর তারা গ্রামের বাড়িতে চলে যাবেন বলে জানিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি এসে নাজমুলের শরীরে স্যালাইন লাগিয়ে দিয়ে যান। সন্ধ্যার পর এসআরবি সদস্যরা এসে বাড়িটি ঘিরে ফেলেন।

এসআরবি-৫-এর তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সদর কোম্পানি ও সিপিএসসির যৌথ দল রাজশাহী নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় গ্রিন চিলির পেছনের একটি বাসা থেকে গুরুতর আহত অবস্থায় নাজমুলকে আটক করা হয়। পরে তাকে স্যালাইনসহ ব্যাটালিয়নের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়। এ সময় ওই বাসার ভাড়াটিয়া নারী ও নাজমুলের স্ত্রীকেও হাসপাতালে নেয়া হয়।

এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিস্ফোরণের সময় নাজমুলের মাথা, হাত ও চোখে ককটেলের বিভিন্ন অংশের আঘাত লাগে। তার স্ত্রী ও ফুপুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নাজমুল নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত থাকলেও তার কোনো পদ-পদবি নেই। তবে সংগঠনটির নাম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

নিহত টমাস তার বন্ধু ছিলেন এবং ককটেল ও বিস্ফোরক তৈরিতে পারদর্শী ছিলেন। ঘটনার দিন টমাস তাকে ডেকে নিয়ে গেলে ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটে। গ্রেফতারের আশঙ্কায় নাজমুল হাসপাতালে ভর্তি না হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে আত্মগোপনে চলে যান। পরে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও করছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: ফয়সল ইসতিয়াক গণমাধ্যমকে বলেন, ওই বাসা থেকে শুধু নাজমুলকে আটক করা হয়েছে। চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে রামেক হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ হেফাজতে তার চিকিৎসা চলবে। বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে এবং সুস্থ হলে আদালতে তোলা হবে।

এদিকে একই রাতে নগরের বর্ণালীর মোড় এলাকা থেকে মোহনপুরের কেশরহাট পৌরসভার সাবেক মেয়র ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা শহীদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন যুবদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে নগরীর বর্ণালীর মোড় এলাকার একটি বাসা থেকে তাকে আটক করেন যুবদলের নেতাকর্মীরা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। যুবদল নেতা রবি তাকে মিষ্টি খাইয়ে পুলিশের হাতে তুলে দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।