পলাতক অপশক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে : মীর হেলাল
চট্টগ্রামের প্রেস ক্লাবে ‘সাংবাদিক কল্যাণ’ শীর্ষক মতবিনিময় সভায় মীর মোহাম্মদ হেলালসহ অতিথিরা : নয়া দিগন্ত।

 চট্টগ্রাম ব্যুরো

Advertisement

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে অস্থিরতার নেপথ্যে রয়েছে পলাতক অপশক্তি। সরকার তাদেরকে চিহ্নিত করেছে। তার অভিযোগ, কিছু কিছু গণমাধ্যম প্রকৃত চিত্র তুলে না ধরে অস্থিরতাকে শ্রমিক আন্দোলন হিসেবে প্রচার করে উসকে দেয়ার অপচেষ্টা করছে। কিন্তু জনগণ তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না। 
বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) যৌথ উদ্যোগে সাংবাদিকদের পেশাগত ও আর্থিক কল্যাণ, নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল)। সভায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবানের ২০ জন অসচ্ছল ও অসুস্থ সাংবাদিককে সহযোগিতার চেক দেয়া হয়।
কাদের গনি বলেন, দাসত্ব সাংবাদিকতাকে মানুষ ঘৃণা করে। এর কারণেই ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত হয়েছে। এত মিডিয়া থাকার পরও আয়নাঘরের খবর জানতে হয়েছে বিদেশী গণমাধ্যম সূত্রে। ১৭ বছর ধরে যারা দাস সাংবাদিকতার চর্চা করেছে তারা এখন প্রকাশ্যে আসতে লজ্জা পাচ্ছে। আমাদের যেন ওই পরিণতি ভোগ করতে না হয়; সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। অপসাংবাদিকতার প্রভাব বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, এর থেকে বের হতে হলে সরকারি উদ্যোগে প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে হবে।
বাছির জামাল বলেন, সাংবাদিকদের কল্যাণে যত উল্লেখযোগ্য প্রকল্প ও পরিকল্পনা আছে তার প্রায় সবটাই বিএনপি সরকার নিয়েছে। আগে সাংবাদিক কল্যণ ট্রাস্টের সহযোগিতা শুধু একটি রাজনৈতিক দলের অনুসারি সাংবাদিকরাই পেত। বর্তমানে সে প্রবণতা ভেঙে দেয়া হয়েছে। ৬৫ বছরের বেশি বয়সী অসচ্ছল সাংবাদিকদের জন্য মাসিক ভাতা চালুর উদ্যোগ নেয়া হয়েছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান ২৫ কোটি টাকায় উন্নীত করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। 
বর্তমানে অসুস্থ সাংবাদিকদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে সহায়তা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।