
নিজস্ব প্রতিবেদক
জনগণকে ক্ষুব্ধ করে এবং তাদের আস্থা হারিয়ে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। দফায় দফায় জ্বালানি গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার রাজধানীর উত্তর বাড্ডায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে উত্তর বাড্ডা ব্রিজের নিচে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সেলিম উদ্দিন তার বক্তব্যে বলেন, আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য না থাকায় সাধারণ মানুষ আজ চরম হতাশা ও অস্বস্তিতে রয়েছে। অবিলম্বে বাজারের সিন্ডিকেট ভেঙে নিত্যপ্রয়োজনীয় পণ্য জনগণের সামর্থ্যরে মধ্যে আনার পাশাপাশি কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।
চলমান পোশাকশ্রমিক আন্দোলন নিয়ে সেলিম উদ্দিন বলেন, বেতন বৃদ্ধির দাবি জানিয়ে শ্রমিকরা কোনো অন্যায় করেননি। তাদের ওপর লাঠিচার্জ ও ছাঁটাই বন্ধ করে অবিলম্বে ন্যায্য দাবি মেনে নেয়ার আহ্বান জানান তিনি। তবে আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর বা কারখানায় আগুন দেয়ার মতো সহিংস কর্মকাণ্ড থেকে দূরে থাকার এবং আইন নিজের হাতে না নেয়ার জন্য শ্রমিকদের অনুরোধ করেন। একই সাথে আন্দোলনে নাশকতায় জড়িতদের চিহ্নিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান।
সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার বিভাজনের সূচনা করেছে। ফ্যাসিবাদের সাথে কোনো ধরনের আপস না করে এবং উন্নয়ন ফানুস না উড়িয়ে জনকল্যাণমুখী কাজে মনোনিবেশ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে আরো বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ইয়াসিন আরাফাত এবং প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার। সমাবেশ শেষে একটি মিছিল উত্তর বাড্ডা ব্রিজ থেকে শুরু হয়ে ইউলুপের সামনে গিয়ে শেষ হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








