
চরফ্যাসন (ভোলা) সংবাদদাতা
ভোলার চরফ্যাসনে বসতবাড়ির ২৬ শতাংশ জমি দীর্ঘ ৯ বছর ধরে জোরপূর্বক দখলে রাখার অভিযোগ উঠেছে। একই সাথে জমির গাছ বিক্রি ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী নিমাই চন্দ্র শীল (৭২)। ভুক্তভোগী উপজেলার ওমরপুর ইউনিয়নের আলীগাঁও ২ নম্বর ওয়ার্ডের নাপিতবাড়ি এলাকার বাসিন্দা। অভিযুক্ত একই এলাকার পরেশ চন্দ্র শীল (৭৪)।
ভুক্তভোগীর অভিযোগ, ২০১৭ সাল থেকে তার বসতবাড়ির জমি দখল করে রেখেছেন পরেশ। এ সময় বাগানের মেহগনি ও রেইনট্রি গাছ কেটে প্রায় দুই লাখ টাকায় বিক্রি এবং নারকেল-সুপারি বিক্রির টাকা আত্মসাৎ করা হয়েছে। জাল দলিলের বিরুদ্ধে তিনি ২০১৭ সালে চরফ্যাসন আদালতে মামলা করেছেন।
সাব-রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, ১৯৬২ সালের ৩১৪০ নং দলিলের কোনো অস্তিত্ব রেকর্ডে নেই বলে সার্চার রিপোর্ট দিয়েছেন।
এ দিকে জমি নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয়ার হুমকি দেয়া হচ্ছে বলে দাবি করেন নিমাই। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগ অস্বীকার করে পরেশ চন্দ্র শীল বলেন, জমিটি তার স্ত্রীর নামে। তিনি কোনো জাল দলিল করেননি এবং নিমাইয়ের জমি দখল করেননি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








