হালি গোলে হেরে অভিষেক পচেত্তিনোর
ads

 ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়ে শুরুটা মোটেও ভালো হলো না মরিসিও পচেত্তিনোর। নতুন কোচের অধীনে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে রেড ডেভিলরা। অ্যানফিল্ডে গত পরশু অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দিশেহারা ছিল ইউনাইটেড। তার ওপর প্রথমার্ধেই একজন খেলোয়াড় হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় দলটি। এ দিন ইতালীয় সিরি আ’তে ভেনেজিয়াকে একই ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস। বড় জয় পেয়েছে এসি মিলানও। জার্মান বুন্দেসলিগা বড় জয় পেয়েছে ওয়ের্ডার ব্রেমেনও। ফরাসি লিগ ওয়ানেও বড় ব্যবধানে জিতেছে প্যারিস এফসি।
ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যানফিল্ডে মুখোমুখি হয়েছিল লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন কোচ মরিসিও পচেত্তিনোর অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমেই বড় ধাক্কা খেয়েছে অল রেডরা। ম্যাচের মাত্র ৮ মিনিটে লিভারপুলের আলেক্সান্ডার ইসাককে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ইউনাইটেডের ডিফেন্ডার লেনি ইয়োরো। সেই ফাউল থেকে পাওয়া ফ্রি-কিক কাজে লাগিয়ে ম্যাচের ১০ মিনিটে দলকে এগিয়ে দেন ডমিনিক সোবোসলাই। ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোরিয়ান ভির্টজ। ৬৬ মিনিটে রিও এনগুমোহা এবং ৮২ মিনিটে বদলি হিসেবে নামা ভিক্টর মুনিওজ গোল করলে ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় লিভারপুলের।