আল আমিনের সেঞ্চুরি, ৫ উইকেট আসাদের

ক্রীড়া প্রতিবেদক  
জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে আল আমিনের সেঞ্চুরিতে ইনিংস পরাজয় এড়াল ময়মনসিংহ। খুলনাকে পেলেই যেন ব্যাট জ্বলে ওঠে এই ব্যাটারের। গত বছর খুলনার বিপক্ষেই প্রথম শ্রেণীর ক্রিকেটে তিন অঙ্কের স্বাদ পেয়েছিলেন আল আমিন। সেবার করেছিলেন ১০২ রান। এবারো এর ব্যতিক্রম নয়। তার ব্যাটে ভর করে ফলো-অন এড়ালেও জয়ের খুব কাছাকাছি খুলনা। আর সিলেটের বিপক্ষে ম্যাচ জেতার সম্ভাবনা জাগিয়ে তুলেছে চট্টগ্রাম। এ ছাড়া বগুড়ায় জমে উঠেছে রংপুর-রাজশাহী ম্যাচ। আর রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অবশেষে তৃতীয় দিনে বল মাঠে গড়িয়েছে ঢাকা ও বরিশাল ম্যাচের। 
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে গতকাল মাত্র ৬২ রানে ৪ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়েছিল ময়মনসিংহ। কিন্তু আল আমিনের প্রথম শ্রেণীর ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি (১০২) শঙ্কামুক্ত করে। খুলনার ২৮০ রানের জবাবেপ্রথম ইনিংসে ১০৮ রানে অলআউট হয়েছিল ময়মনসিংহ। দ্বিতীয় ইনিংসে ৯১ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৫ রানে তৃতীয় দিন শেষ করে ইতোমধ্যে ১৩৫ রানে এগিয়ে ময়মনসিংহ। 
চট্টগ্রামে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ২১৮ রানে গুটিয়ে গেল সিলেট। চট্টগ্রাম প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ২১০ রানে। ফলে ২২৭ রান তাড়া করতে নেমে তৃতীয় দিনে ১ উইকেটে ১২৬ রান করেছে তারা। 
বগুড়ায় প্রথম ইনিংসে রাজশাহীর ২৩১ রানের জবাবে ২৫৬ রান করেছিল রংপুর। ৬৪ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে রংপুরের ইনিংসকে থামান আসাদুজ্জামান পায়েল। দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১১০ রান তুলে রাজশাহী। 
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে তৃতীয় দিন দুই দল মাঠে নামলেও ৭০ ওভারের বেশি খেলা হয়নি। টস জিতে ব্যাট করতে নেমে এ দিন ৮ উইকেটে ২৬৬ রান করেছে বরিশাল। দিন শেষে ৬২ রানে অপরাজিত আবদুল্লাহ।

Advertisement