দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি শ্রমিকদের উসকানি দিচ্ছে : খায়রুল কবির খোকন

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, বর্তমান সরকারের সফলতাকে ব্যর্থতায় পরিণত করতে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্যই একটি অপশক্তি কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় খাত পোশাক খাতকে অস্থিতিশীল করার জন্য গার্মেন্ট ফ্যাক্টরিগুলোর শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামিয়েছে এবং ফ্যাক্টরিগুলোতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়া হচ্ছে। 
তিনি সোবারার নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অডিটোরিয়ামে আয়োজিত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, নিষিদ্ধ সংগঠনটির কথিত ফ্যাসিস্ট দোসর দালালরা আবার বাংলাদেশকে পাশের একটি দেশের ইন্দন মদদে নতুন করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে লিপ্ত রয়েছে। এতে কোনো লাভ হবে না, কারণ জনগণ অত্যন্ত সচেতন। কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না।
বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো: জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময়ে উপস্থিত ছিলেন- নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের চেয়ারম্যান মাহবুবুল আলম, জেলা বিএনপির সহসভাপতি এ কে এম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, গণশিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।

Advertisement