
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা (ফ্লাইট লেফটেন্যান্ট) কে এম তাহসিফ সাউরি (২৮) হত্যা মামলা এক নতুন ও গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে। নিখোঁজ হওয়ার দিন রাতে তাহসিফের সাথে সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ১৯ বছর বয়সী তরুণী দিশাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তদন্তকারী সংস্থা নৌপুলিশ জানিয়েছে, পূর্বে রিমান্ডে থাকা প্রধান আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেয়া তথ্যের সত্যতা যাচাই এবং দুজনের বক্তব্য যাচাই করতেই এই তরুণীকে মুখোমুখি করা হচ্ছে।
একই সাথে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া নম্বরপ্লেটবিহীন সুজুকি জিক্সার ১৫০ মোটরসাইকেলটি নিহত তাহসিফের নিজের বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ছায়াতদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
টঙ্গী নৌপুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তদন্তের ভিত্তিতে শনিবার রাত ২টার দিকে রাজধানীর কাফরুল এলাকা থেকে তরুণী দিশাকে গ্রেফতার করে গতকাল আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক (নিরস্ত্র) মো: ফিরোজ উদ্দিন আসামি দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রিমান্ড শুনানিকালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন আদালতে রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরে বলেন, মামলায় ইতোমধ্যে গ্রেফতার হয়ে চার দিনের রিমান্ডে থাকা আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ জিজ্ঞাসাবাদে যেসব চাঞ্চল্যকর তথ্য ও বক্তব্য দিয়েছেন, তা এই আসামির তথ্যের সাথে মিলিয়ে দেখা বা ক্রস-চেক করা অত্যন্ত জরুরি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনে আসামিকে রিমান্ডে নেয়া প্রয়োজন। অন্য দিকে আসামিপক্ষের আইনজীবী ইমাম হোসেন জাবেদ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন নথিপত্র বিশ্লেষণ করে আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাহসিফ সাউরি তরুণী দিশাকে সাথে নিয়ে উত্তরার একটি বার ও রেস্তোরাঁয় প্রবেশ করেন। তাহসিফ ও দিশা রেস্তোরাঁয় পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই পৃথক মোটরসাইকেল নিয়ে সেখানে হাজির হন তাহসিফের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার আহমেদ শাহরিয়ার রেজা দীপ। ফুটেজে তিনজনকে একসাথে রেস্তোরাঁর লিফটে উঠতে দেখা যায়। রেস্তোরাঁয় প্রায় দেড় ঘণ্টা অবস্থান করার পর রাত ১১টা ৫১ মিনিটে তারা তিনজন সেখান থেকে বেরিয়ে যান।
তদন্ত কর্মকর্তারা জানান, রেস্তোরাঁ থেকে বের হয়ে তাহসিফ ও দীপ মোটরসাইকেলে করে তরুণী দিশাকে রাত ১২টার দিকে কাফরুলের বাসায় পৌঁছে দেন। তরুণীকে বাসায় নামিয়ে দেয়ার পরই তাহসিফ ও দীপ একসাথে টঙ্গীর মাজার বস্তি এলাকার দিকে রওনা হন।
নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত প্রায় দেড়টা পর্যন্ত তাহসিফের সাথেই ছিলেন দীপ। টঙ্গীর মাজার বস্তি এলাকায় তাহসিফকে নিয়ে যাওয়ার পর তাহসিফ আর ফিরে আসেননি, কিন্তু দীপ একাই ফিরে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও দীপের তথ্যে তীব্র অসঙ্গতি পাওয়া গেছে।
এদিকে তুরাগ নদের যে স্থানে তাহসিফের লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়, তার মাত্র ৫০ গজ দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধারকৃত কালো রঙের নম্বরপ্লেটবিহীন সুজুকি জিক্সার ১৫০ মোটরসাইকেলটির মালিকানা নিশ্চিত করেছে পিবিআই।
পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মো: এনায়েত হোসেন মান্নান জানান, উদ্ধারকৃত বাইকটি তাহসিফ সাউরি ২০২২ সালে মিরপুর ২ নম্বরের একটি শোরুম থেকে ক্রয় করেছিলেন। ক্রয়ের পর থেকে বাইকটির কোনো প্রাতিষ্ঠানিক নম্বরপ্লেট বা নিবন্ধন করা হয়নি। পিবিআই কর্তৃক মোহাম্মদপুরের বাবর রোড থেকে দীপকে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতেই মাজার বস্তির একটি চায়ের দোকানের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় বাইকটি জব্দ করা হয়। মাজার বস্তি এলাকাটি চিহ্নিত মাদকস্পট হিসেবে পরিচিত। সেখানে তাহসিফ ও দীপ কেন গিয়েছিলেন এবং কথিত ‘পুলিশের পোশাক পরা ব্যক্তিদের ধাওয়া’ দেয়ার যে দাবি দীপ করেছেন- তা কতটুকু সত্য তা খতিয়ে দেখা হচ্ছে।
তাহসিফ সাউরির বাবার দায়ের করা মামলায় এখন প্রধান দুই সাক্ষী ও সন্দেহভাজন ব্যক্তি- আহমেদ শাহরিয়ার রেজা দীপ এবং তরুণী দিশা- উভয়েই চার দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন।
তদন্তকারী সংস্থা নৌপুলিশ জানিয়েছে, রিমান্ডে এই দুজনকে মুখোমুখি বসিয়ে পৃথক ও যৌথ জিজ্ঞাসাবাদ চালানো হবে। বিশেষ করে উত্তরার রেস্তোরাঁয় তাদের আলোচনার বিষয়বস্তু, দিশাকে নামিয়ে দেয়ার পর টঙ্গী যাত্রার সুনির্দিষ্ট উদ্দেশ্য এবং শেখ হাসিনার দেশত্যাগের ভিডিওচিত্র সংক্রান্ত বক্তব্যের কোনো নেপথ্য লিংক রয়েছে কি না-সব দিকই গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








