
জিয়ো নিউজ
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের মাসটাং জেলায় যৌথ নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৫ জন বিচ্ছিন্নতাবাদী প্রাণ হারিয়েছেন। ‘অপারেশন রাদ-উল-ফিতনা’ নামে পরিচালিত এই অভিযানে বিচ্ছিন্নতাবাদীদের বেশ কয়েকটি আস্তানা গুঁড়িয়ে দেয়া এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দের দাবি করেছে সংশ্লিষ্ট বাহিনী।
বেলুচিস্তানে মোতায়েন সেনা ও পুলিশ বাহিনীর একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত শনিবার দিনভর মাসটাং জেলার বিভিন্ন স্থানে দুই দফায় অভিযান চালানো হয়। এর মধ্যে প্রথম দফার অভিযানে পাঁচজন এবং দ্বিতীয় দফার অভিযানে ১০ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হন।
দ্বিতীয় দফার অভিযান শেষ হওয়ার পর নিরাপত্তা বাহিনী মাসটাংয়ের কিল্লি পাসান্দ খান, মুসা খান, খোরাসানি ও কাফতারি এলাকাকে ‘সন্ত্রাসীমুক্ত’ ঘোষণা করে। বাহিনীর কর্মকর্তাদের ভাষ্যমতে, সমগ্র বেলুচিস্তান থেকে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা নির্মূল করাই তাদের মূল লক্ষ্য এবং শেষ বিচ্ছিন্নতাবাদী নিহত বা নিষ্ক্রিয় না হওয়া পর্যন্ত এই অভিযান চলমান থাকবে। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সহিংসতা ও সশস্ত্র তৎপরতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানি থিংকট্যাংক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে পাকিস্তানে সহিংসতার প্রধান কেন্দ্রবিন্দু ছিল এই দুটি প্রদেশ, যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখোয়া।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









