মুষ্টিমেয়ের কাছে জমছে সম্পদ, কর ব্যবস্থাপনাও দায়ী
সম্পাদকীয়।
ads

বাংলাদেশের অর্থনীতিতে গোড়া থেকে বাসা বেঁধে আছে দুর্নীতি অনিয়ম স্বজনপ্রীতি। অতিক্ষুদ্র একটি শ্রেণী সব সুযোগ সুবিধা কুক্ষিগত করে রেখেছে। ক্ষমতার চাদরে একটি অলিগার্ক গড়ে উঠেছে। ফলে সম্পদ পুঞ্জীভূত হয়েছে গুটিকয় মানুষের হাতে। একটি বেসরকারি গবেষণা সংস্থার জরিপে উঠে এসেছে ধনীরা কম ভ্যাট-ট্যাক্স দিচ্ছে গরিবদের তুলনায়। বিপরীতে সরকারের কাছে থেকে তারা বেশি সুবিধা ভোগ করছেন। পরিণামে তাদের কাছে দ্রুত সম্পদ পুঞ্জীভূত হচ্ছে। বাস্তবতা হলো- সরকারের কর কাঠামো ইনসাফপূর্ণ নয়। আবার প্রভাব খাটিয়ে সহজে সম্পদ অর্জন করছে তারা। দেশের অর্থনীতির সুষ্ঠু বিকাশে বর্তমান অর্থনৈতিক ব্যবস্থাপনা উপযুক্ত নয়।
বেসরকারি প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড) সরকারের রেভিনিউ নিয়ে একটি গবেষণা প্রতিবেদন তৈরি করেছে। গবেষণার ফোকাস ছিল কর ও ভ্যাট আহরণের দুর্বলতার দিকগুলো খুঁজে দেখা। ফলাফলে বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক সম্পদ বৈষম্য থাকার চিত্র উঠে এসেছে। তাতে দেখা গেছে, সবচেয়ে ধনাঢ্য ১ শতাংশ পরিবারের কাছে মোট প্রকৃত ব্যক্তিগত সম্পদের ৪৭ দশমিক ৪ শতাংশ আছে। শীর্ষ ১০ শতাংশ পরিবারের কাছে ৭৬ দশমিক ৪ শতাংশ সম্পদ পুঞ্জীভূত হয়েছে। ৯০ শতাংশ পরিবারের কাছে সম্পদের ২৩ দশমিক ৬ শতাংশ আছে। নি¤œবিত্ত কিংবা দারিদ্র্যের নিচের দিক থেকে সম্পদের মালিকানার চিত্রটি আরো করুণ। নিচের ৫০ শতাংশ পরিবারের কাছে মোট সম্পদের মাত্র ৩ দশমিক ৪ শতাংশ আছে।
এদিকে কর বা ভ্যাটের বোঝা ধনীর চেয়ে গরিবের ওপর অনেক বেশি। দেশের সবচেয়ে গরিব ১০ শতাংশ পরিবারের আয়ের ২০ দশমিক ৩৭ শতাংশ ভ্যাট হিসাবে সরকারের কোষাগারে জমা হয়। সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের ভ্যাটের বোঝা তাদের আয়ের মাত্র ২ দশমিক ৮০ শতাংশ। সবচেয়ে ধনীদের চেয়ে সবচেয়ে গরিবের আয়ের তুলনায় ভ্যাটের বোঝা ৭ গুণ বেশি। এতে পরোক্ষ করের প্রভাব দরিদ্র শ্রেণীর ওপর বেশি পড়ছে। অথচ অনেক ‘করযোগ্য আয়’ ব্যবস্থার দুর্বলতায় কর ব্যবস্থার বাইরে থেকে যাচ্ছে। এরা ধনাঢ্য এবং মধ্যবিত্ত শ্রেণীর। পাশাপাশি তারা নানা অনিয়ম দুর্নীতির আশ্রয় নিয়ে কর ফাঁকি দিতে পারেন। আবার দেখা যায়, যারা নিয়মতান্ত্রিক কর দিয়ে থাকেন তাদের হয়রানি করা হচ্ছে। 
সরকারের আয় সংগ্রহের নীতি ত্রুটিপূর্ণ এবং বৈষম্যমূলক। সমাজের সবচেয়ে দরিদ্র অংশের ওপর কর আদায়ে ফাঁদ পাতা হয়েছে। আর ধনীদের জন্য কর ফাঁকির ফাঁকফোকর রাখা হয়েছে। এতে একদিকে দেশ উপযুক্ত রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। অন্য দিকে দরিদ্ররা আরো দরিদ্র হচ্ছে।
র‌্যাপিডের গবেষণায় আয়করের আওতা বাড়ানো, দক্ষতা ও পরিপালন উন্নত করাসহ সাতটি সুপারিশ করা হয়েছে। সম্পদের পুঞ্জীভূতকরণের গতি ঠেকাতে উত্তরাধিকার কর প্রবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। বাস্তবে আমাদের রাষ্ট্র পরিচালনার যে ধরন, তা অলিগার্ক গড়ে তোলার অনুকূলে। রাষ্ট্রের মৌলিক প্রশাসনিক সংস্কার করা না হলে এটি ঠেকানো সম্ভন নয়। এ ক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়ন শুধু সম্পদ বণ্টনে বৈষম্য নীতি বদলাতে পারবে। জনকল্যাণে আগ্রহ থাকলে সরকার তা বাস্তবায়ন করলে সরকারি কোষাগারে অর্থের জোগান যেমন বাড়বে, পাশাপাশি দরিদ্র শ্রেণীর শোষণও কমবে।