
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ পালিয়ে গেলেও দেশ থেকে ফ্যাসিবাদের শেকড় নিঃশেষ হয়ে যায়নি। দেশে ও দেশের বাইরে থাকা আওয়ামী ফ্যাসিবাদীরা আবারো দেশকে অরাজকতার দিকে ঠেলে দেয়ার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে তারা। পুড়িয়ে মারছে মানুষ, হাসপাতাল ও থানায় আগুন দিয়েছে, সড়কের গাছ কেটে সাবাড় করেছে। গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়েছে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ও কার্যক্রম নিষিদ্ধ একটি দলের এমন কর্মকাণ্ড চরম ঔদ্ধত্যের প্রকাশ। এমতাবস্থায় সরকার জাতীয় সংলাপের যে উদ্যোগ গ্রহণ করেছে তা আশাব্যঞ্জক।
গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রক্রিয়া এগিয়ে নিতে বিরোধী দলগুলোকে জাতীয় সংলাপে বসার আমন্ত্রণ জানিয়েছে সরকারি দল বিএনপি। এতে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেয়া দলগুলো থাকবে। চলতি মাসের শেষের দিকে এ সংলাপ অনুষ্ঠিত হতে পারে। ইতোমধ্যে ভেতরে ভেতরে সংলাপের গ্রাউন্ড ওয়ার্ক তৈরি হয়ে গেছে। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার একান্ত বৈঠকের পর ফলোআপ বৈঠক করেছে ১১ দলীয় ঐক্য। এখন সংলাপের জন্য দলগুলোর মধ্যে প্রস্তুতি চলছে।
বাংলাদেশের মানুষ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করার মাধ্যমে তাদের ফ্যাসিবাদবিরোধী অবস্থানের চূড়ান্ত প্রকাশ ঘটিয়েছে। রাজনৈতিক দলগুলোকে মানুষের সেই ফ্যাসিবাদবিরোধী অবস্থানের গুরুত্ব অনুধাবন করতে হবে। বর্তমান সরকারি ও বিরোধী দলকে বুঝতে হবে জনগণ আর কখনো দেশে ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতি করতে দেয়ার পক্ষে নয়। বিস্ময়ের সাথে লক্ষ করা যাচ্ছে, সরকারি দলেরই কোনো একজন সংসদ সদস্য প্রকাশ্যে ফ্যাসিবাদী আওয়ামী শক্তিকে আবারো রাজনীতি করতে দেয়ার পক্ষে কথা বলছেন! এটি পুরোপুরি জুলাই চেতনার পরিপন্থী। যে জুলাইয়ের শহীদের রক্তের বিনিময়ে দেশ থেকে ফ্যাসিবাদ দূর হওয়ার মধ্য দিয়ে গণতান্ত্রিক সংসদের যাত্রা শুরু হয়েছে সেই সংসদের এমপির ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতি করতে দেয়ার পক্ষে কথা বলা জুলাই শহীদদের অবমাননার শামিল। এমন বক্তব্যের বিষয়ে তাকে সতর্ক করা উচিত। জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া লাখ লাখ মানুষকে এমন বক্তব্য আহত করে।
সংলাপে সরকারের অন্যতম আলোচ্যসূচি হওয়া উচিত গণভোটের আলাকে জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন। এই সনদ পুরোপুরি বাস্তবায়নের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদের শিকড় নির্মূল হতে পারে। শুধু ফ্যাসিবাদের শিকড় নির্মূলই হবে না, ভবিষ্যতে যাতে আর কোনো শাসক ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সেটিও নিশ্চিত হতে পারে এই সনদ বাস্তবায়নের মাধ্যমে। সুতরাং সরকারের আসন্ন সংলাপ শুধু তাৎক্ষণিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী দুর্বৃত্তপনার বিরুদ্ধে না হয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা জুলাই সনদ বাস্তবায়ন অন্যতম প্রধান উদ্দেশ্য হওয়া দরকার।
আমরা আশা করি, আসন্ন সংলাপের মাধ্যমে সরকার গণভোটের রায় বাস্তবায়ন করবে। দলগুলোর ভেতরে নানা বিষয়ে যে মতানৈক্য রয়েছে আলাপ আলোচনার মাধ্যমে তার সুরাহা করবে। জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে পুনরায় পূর্ণ ঐক্য প্রতিষ্ঠিত হওয়ার কোনো বিকল্প নেই।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









