
আলজাজিরা
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আগে ভুয়া জনমত জরিপ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠান রাজনৈতিক বিভিন্ন অঙ্গরাজ্যের নির্বাচনী লড়াই নিয়ে কাল্পনিক জরিপ প্রকাশ করেছে। এসব জরিপের কিছু জায়গা পেয়েছে সংবাদমাধ্যম ও জনমত জরিপের তথ্য সংগ্রহকারী বিভিন্ন ওয়েবসাইটেও। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের নির্বাচনী তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ভুয়া জরিপের মাধ্যমে ভোটারদের বিভ্রান্ত করা এবং নির্বাচনী প্রক্রিয়ার ওপর মানুষের আস্থা দুর্বল করা সম্ভব। সাম্প্রতিক এমন একটি ঘটনা সামনে এসেছে ওয়েজউড পোলস নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে। চলতি মাসের শুরুতে প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে স্বীকার করে, যুক্তরাষ্ট্রের কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য নিয়ে প্রকাশিত তাদের জরিপের তথ্য ভুয়া ছিল। টেক্সাস, ওহাইও, মিশিগান, কানসাস ও মেইনের মতো অঙ্গরাজ্য নিয়ে এসব জরিপ প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি। ওয়েজউড পোলস দাবি করেছে, যুক্তরাষ্ট্রের জনমত জরিপশিল্পে তদারকির অভাব এবং তথ্য যাচাইয়ের দুর্বলতা তুলে ধরতেই তারা পরীক্ষামূলকভাবে এ কাজ করেছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, জরিপ ও গবেষণা খাতে কাজ করার অভিজ্ঞতা থেকে তারা দেখেছে, যাচাইহীন ও নিম্নমানের পদ্ধতির কারণে জনমত জরিপের ওপর মানুষের আস্থা কমছে। তাদের দাবি, ভুয়া জরিপ কত সহজে ভোটার ও সংবাদমাধ্যমের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে, সেটিই পরীক্ষা করতে চেয়েছিল তারা। প্রতিষ্ঠানটির ভাষায়, এর সংক্ষিপ্ত উত্তর হলো-এ কাজ প্রত্যাশার চেয়েও অনেক সহজ। তবে প্রতিষ্ঠানটি ভুয়া জরিপ প্রকাশের কথা স্বীকার করার আগেই সেসব তথ্য বিভিন্ন সংবাদমাধ্যম ও রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়ে। এমনকি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের জরিপসংক্রান্ত তথ্যভাণ্ডারেও জায়গা পেয়েছিল এসব জরিপ। কিভাবে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল ভুয়া জরিপজুন মাসে যাত্রা শুরু করা ওয়েজউড পোলস যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনি আসন নিয়ে জরিপ প্রকাশ করেছিল। এসব জরিপ রাজনৈতিক প্রচারশিবির, ভাষ্যকার এবং বিভিন্ন জরিপ সংগ্রহকারী প্রতিষ্ঠানের নজর কাড়ে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








