
- গত ১০ মাসে আক্রান্ত ৮৭৭, অক্টোবরে আক্রান্ত ৪৬৭ জন
- আক্রান্তের শীর্ষে হবিগঞ্জ, সর্বনিম্ন মৌলভীবাজারে
সিলেটে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। বছরের প্রথম ৯ মাসে বিভাগে যত রোগী শনাক্ত হয়েছিলেন, অক্টোবরের এক মাসেই আক্রান্ত হয়েছেন তার চেয়েও বেশি। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে আক্রান্ত ছিলেন ৪১০ জন। অথচ অক্টোবরের ৩১ দিনেই নতুন করে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন। অর্থাৎ চলতি বছরের মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি রোগী শনাক্ত হয়েছেন শুধু অক্টোবর মাসে।
সংক্রমণের এই ঊর্ধ্বগতির পাশাপাশি অক্টোবরে ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়েছে। গত ১০ মাসে বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭৭ জনে, মৃত্যু হয়েছে পাঁচজনের। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৭ জন। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
অক্টোবরে সংক্রমণের বিস্ফোরণ : চলতি বছরের প্রথম সাত মাসে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয় ১০৫ জন। আগস্ট ও সেপ্টেম্বরে আক্রান্ত হয় ৮৫ এবং ২২০ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৪১০ জনে। কিন্তু অক্টোবরেই নতুন করে আক্রান্ত হয়েছে ৪৬৭ জন। আগের ৯ মাসের সম্মিলিত আক্রান্তের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে অক্টোবরের সংক্রমণ।
সেপ্টেম্বরের প্রথম ২১ দিনেই বিভাগে ১৪৪ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়। তখন মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩৩৪। ওই সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৩০ জন। এক মাসের ব্যবধানে সংক্রমণের চিত্র আরো উদ্বেগজনক হয়ে উঠেছে। অক্টোবরের ৩১ দিনে গড়ে প্রতিদিন ১৫ জনের বেশি রোগী শনাক্ত হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায়ও নতুন করে ২১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি ৫৭ জন।
আক্রান্তে শীর্ষে হবিগঞ্জ, সর্বনিম্ন মৌলভীবাজারে : জেলাভিত্তিক পরিসংখ্যানে ডেঙ্গু আক্রান্তের দিক থেকে সিলেট বিভাগের মধ্যে শীর্ষে রয়েছে হবিগঞ্জ। চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ৩৬২ জন। দ্বিতীয় অবস্থানে থাকা সিলেটে আক্রান্ত ২০৫ জন। সুনামগঞ্জ জেলায় ২০১ জন এবং মৌলভীবাজারে ৭৮ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। জেলাভিত্তিক হিসাবে দেখা যায়, মোট আক্রান্তের প্রায় ৪১ শতাংশই হবিগঞ্জের বাসিন্দা।
বিভিন্ন হাসপাতালে ভর্তি ৫৭ রোগী : হাসপাতালে চিকিৎসাধীন ৫৭ জনের মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৬, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১, নর্থইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩, মাউন্ট এডোরা হাসপাতালে ২, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, হবিগঞ্জ সদর হাসপাতালে ৭, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।
মৃত্যু বেড়ে পাঁচ, অক্টোবরে দুই মৃত্যু : চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরে মারা গেছেন দু’জন। সর্বশেষ গত ২৫ অক্টোবর ওসমানী মেডিক্যালে মারা যান হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চার বছর বয়সী শিশু ফারদিন আহমদ।
নিয়ন্ত্রণে বাড়তি নজরদারির তাগিদ : স্বাস্থ্য সংশ্লিষ্টদের মতে, অক্টোবরজুড়ে আক্রান্তের এই অস্বাভাবিক বৃদ্ধি ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য বড় সতর্কবার্তা। বিশেষ করে হবিগঞ্জ ও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা এবং সিলেট নগরীর সংক্রমণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন। একই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে মেডিক্যাল কলেজ ও বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চিকিৎসা প্রস্তুতি নিশ্চিত করার প্রয়োজন রয়েছে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, সিলেটে আক্রান্তের সংখ্যা বাড়লেও অধিকাংশের ট্র্যাভেল হিস্ট্রি রয়েছে। আক্রান্ত ব্যক্তির মাধ্যমে বাসার অন্যজনের শরীরেও ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। আমরা দায়িত্ব পালন করছি। ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষায় জনসাধারণকেও সতর্ক থাকতে হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








