
গাজীপুর মহানগর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে একটি নির্মাণাধীন আবাসিক ভবনে অভিনব কায়দায় ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। উৎপাদনে যাওয়ার আগেই পুলিশি অভিযানে কারখানাটি ধরা পড়ে এবং নাজমুল ইসলাম বাপ্পি (৩২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। ইন্টারনেট থেকে তথ্য নিয়ে তিনি দৈনিক কোটি পিস ইয়াবা উৎপাদনের পরিকল্পনা করেছিলেন।
টঙ্গীর পাগাড় এলাকার আলেরটেক ও বিসিক শিল্পনগরীসংলগ্ন একটি নির্মাণাধীন চারতলা আবাসিক ভবনের তৃতীয় তলায় এই কারখানা গড়ে তোলা হচ্ছিল। গত শুক্রবার দিবাগত রাতে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলমের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে বাপ্পিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এসএসসি (ভোকেশনাল, অটোমোবাইল) পাস করা বাপ্পি প্রেমের বিরহে নিঃস্ব হয়ে ইউটিউব, ফেসবুক ও ইন্টারনেট থেকে কৌশল শিখে ইয়াবা তৈরির উদ্যোগ নেন।
প্রাথমিক পর্যায়ে দৈনিক ৫০ লাখ এবং পরে এক কোটি ইয়াবা বড়ি উৎপাদনের লক্ষ্য ছিল তার। উৎপাদিত এসব মাদক টঙ্গীর বিভিন্ন বস্তি ও আশপাশের মাদকবাজারে সরবরাহের পরিকল্পনা ছিল। তবে স্থানীয় ক্রেতাদের নিয়ে নেটওয়ার্ক তৈরির সময় বিষয়টি পুলিশের নজরে আসে।
অভিযানে তরল ও গুঁড়া রাসায়নিক পদার্থ, কাঁচামাল, কাচের বোতল, ফিল্টারেশন ও ভ্যাকুয়াম পাম্প, হিটিং সেটআপ, ল্যাব সরঞ্জাম, পরিমাপের যন্ত্র, ফিল্টার পেপার এবং ইয়াবাসদৃশ ৪৫টি ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া রাসায়নিকের নাম ও পরিমাপ লেখা একটি খাতা জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি আরব থেকে ফেরার পর বাপ্পি মাদকাসক্ত হয়ে পড়েন। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার এএসআই নূরে আলম বাদি হয়ে মামলা করেছেন। সাত দিনের রিমান্ড চেয়ে বাপ্পিকে আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








