নিষেধাজ্ঞা শেষে ইলিশে সয়লাব কুয়াকাটার মৎস্যবন্দর

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
মা ইলিশের প্রজনন সুরক্ষায় টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর থেকে মাছ নিয়ে আলিপুর-মহিপুর মৎস্যবন্দরে ফিরতে শুরু করেছেন জেলেরা। গত বৃহস্পতিবার মধ্যরাত ১২টায় নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই মাছবোঝাই ট্রলার বন্দরে ভিড়তে দেখা যায়। গতকাল সকাল থেকে আড়তগুলোতে শুরু হয় ইলিশের বেচাকেনা। তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই বিপুলসংখ্যক ট্রলারের মাছ নিয়ে ফেরার ঘটনায় ২২ দিনের নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। তাদের অভিযোগ, নিষেধাজ্ঞা চলাকালে কিছু অসাধু জেলে ও ট্রলারমালিক সরকারি নির্দেশনা উপেক্ষা করে সাগরে মাছ শিকার করেছেন। বিশেষ করে অবৈধ ট্রলিংয়ের মাধ্যমে মাছ ধরার অভিযোগ রয়েছে। নিষেধাজ্ঞার শেষ রাতেই মাছবোঝাই ট্রলার বন্দরে ফেরার ঘটনাই তার প্রমাণ। এ বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন তারা।
গতকাল শুক্রবার সকালে আলিপুর-মহিপুর মৎস্যবন্দরে গিয়ে দেখা যায়, মাছবোঝাই ট্রলার একের পর এক বন্দরে ভিড়তে শুরু করেছে। দীর্ঘ ২২ দিন পর মাছের আমদানি শুরু হওয়ায় আড়তগুলোতে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। শুরু হয়েছে ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছের বেচাকেনা। তবে নিষেধাজ্ঞার শেষ রাতের কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: জহিরুন্নবী বলেন, ২৯ অক্টোবর রাত ১২টায় নিষেধাজ্ঞা শেষ হয়েছে। এরপর মাছ ধরে বন্দরে এনে বিক্রি করা বৈধ। নিষেধাজ্ঞার সময় মৎস্য বিভাগ সর্বোচ্চ চেষ্টা করেছে।

Advertisement