অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি।

আলমগীর কবির
অবশেষে ভক্তদের জন্য সুখবর নিয়ে এলেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দীর্ঘ প্রায় নয় মাস পর তিনি অভিনয়ে ফিরেছেন। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ‘অংশীদার’ নাটকের গল্পের অন্যতম প্রধান চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে বৃষ্টি অভিনয়ে ফিরলেন। তিন-চার দিন আগেই এই নাটকের দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। নাটকে আরো অভিনয় করেছেন ডলি জহুর, ফজলুরর রহমান বাবু’সহ আরো আট-নয় জন অভিনয়শিল্পী। পরিচালক জানান, এই নাটকের সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। পরিচালক ইকসান রনি জানান, অংশীদার মূলত আমাদের সমাজের একটি বাস্তব চিত্র। এই নাটকের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প তুলে ধরা হয়েছে। তানিয়া বৃষ্টি বলেন, ‘এর একই পরিচালকের বাবারও মানুষ-নামের একটি নাটকে অভিনয় করেছিলাম। খুব ভালো সাড়া ফেলেছিল নাটকটি। অংশীদার মূলত সম্পত্তির অধিকার আদায়ে এক নারীর অদম্য লড়াইয়ের গল্প। এটা সত্যি যে আমাদের সমাজে আজও কেবল কন্যা সন্তান থাকা পরিবারগুলোকে নানা সামাজিক ও পারিবারিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। বিশেষ করে বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তি থেকে মেয়েদের বঞ্চিত করার অপচেষ্টা অনেক ক্ষেত্রেই দেখা যায়। এই নাটকে তাই দেখানোর পাশাপাশি একটা সমাধানেরও পথ দেখানো হয়েছে যা দর্শকের ভালোলাগবে এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। ধন্যবাদ পরিচালক ইকসান রনিসহ শ্রদ্ধেয় ডলি জহুর মা ও শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু ভাইকে। মহান আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা, কিছুটা সুস্থ হয়ে আমি আমার পেশাগত কাজে ফিরতে পেরেছি। আল্লাহ যেন আমাকে পুরোপুরি সুস্থ করে দেন সেই দোয়াই চাই সবার কাছে।’ অংশীদার’ নাটকটি শিগগিরই একটি টিভি চ্যানেলে ও ইউটিউব চ্যানেলে প্রচার হবে। চলতি বছর ফেব্রুয়ারিতেই ব্রেইন টিউমার ধরা পড়ে বৃষ্টির। এর পরই তার চিকিৎসা শুরু হয়। বিগত ৯ মাস তিনি চিকিৎসার মধ্যেই ছিলেন।  তানিয়া বৃষ্টি বলেন, ‘আমি হয়তো না-ও ফিরতে পারতাম, এমন শারীরিক অবস্থা ছিল। এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা হয়তো কেউ কেউ চান না আমি নাটক করি। এটা আপনাদের উপদেশ। কিন্তু অনেকেই আছেন সব সময়ই চান আমি নাটকে ফিরি। তারা কিন্তু আমাকে ভালোবাসেন। দীর্ঘ এই সময়ে তারা আমার পাশে ছিলেন। তারা আমাকে সম্মান দেন, আমাকে সাপোর্ট করেন। তাদের জন্যই অভিনয়ে ফিরেছি। আবার আমি নিজেও অভিনয় খুব মিস করতাম।’ বর্তমানেও তানিয়া চিকিৎসকের পরামর্শে রয়েছেন। তার বেশির ভাগ সময় কাটে ছয়টি পোষা বিড়ালের সাথে। বাইরে কোথাও গেলে তিনি বিড়ালগুলো নিয়ে যান। তাদের সাথে ভালো সময় কাটে।

Advertisement