মা হারালেন লিওনেল স্কালোনি

ক্রীড়া ডেস্ক 
ব্যক্তিগত জীবনে শোকের ছায়া নেমে এসেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনির পরিবারে। মা ইউলালিয়া মারজেত্তিকে হারিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ। দীর্ঘদিন অসুস্থ থেকে ৭৪ বছর বয়সে গত পরশু আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের পুহাতো শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর গতকাল নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। 
মায়ের মৃত্যুতে স্কালোনি ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এএফএ। সংস্থাটির পক্ষ থেকে দেয়া বার্তায় বলা হয়েছে, কঠিন এই সময়ে স্কালোনি ও তার প্রিয়জনদের পাশে রয়েছে পুরো আর্জেন্টাইন ফুটবল পরিবার। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়াও শোক প্রকাশ করেছেন।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন স্কালোনির মা। ২০২১ সালে তার শারীরিক অবস্থার অবনতি হলে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আর্জেন্টাইন কোচ।

Advertisement