
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের অ্যারচারিতে রিকার্ভের তুলনায় কম্পাউন্ডে অলিম্পিকে খেলা হয় না। তবে অন্য আসরে খেলছে। এবার ইরাকের সোলেমানিয়াতে হওয়া এশিয়া কাপ অ্যারচারির কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে এলো স্বর্ণ। মধ্য এশিয়ান দেশ কাজাখস্তানকে ১০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। ফাইনালে কাজাখস্তানের বিপক্ষে ২৩০-২২০ স্কোরে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনির সমন্বিত নৈপুণ্যে নিশ্চিত হয়েছে এই সাফল্য।
ফাইনাল ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী ও ধারাবাহিক পারফরম্যান্স প্রদর্শন করে বাংলাদেশের মেয়েরা। চারটি অ্যান্ডে যথাক্রমে ৫৭, ৫৭, ৫৮ ও ৫৮ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ দলের মোট স্কোর দাঁড়ায় ২৩০। অন্য দিকে কাজাখস্তান দল চারটি অ্যান্ডে যথাক্রমে ৫৫, ৫২, ৫৬ ও ৫৭ পয়েন্ট অর্জন করে মোট ২২০ পয়েন্ট সংগ্রহ করে। ফলে ১০ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশের নারী অ্যারচাররা।
এ দিকে কাজাখস্তানের কাছে হেরে কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে রৌপ্য পেয়েছে বাংলাদেশ। ফাইনালে ২৩০-২২৪ স্কোরে হেরেছে বাংলাদেশ। দলের হয়ে খেলেন হিমু বাছার, তরিকুল ইসলাম ও রাকিব নেওয়াজ আহমেদ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








