
রফিকুল হায়দার ফরহাদ
‘ওই মেয়েটা আসন্ন এসএ গেমসে ভালো করবে। তার পরফরম্যান্স খুবই ভালো।’ বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু ইরফানা খাতুনের প্রশংসাটা এভাবেই করলেন বাংলাদেশ নৌবাহিনীর কোচ নিয়াজ আলী। কেনইবা ইরফানার উজ্জ্বল ভবিষ্যতের কথা বলবেন না এসএ গেমসে পদক জয়ী নিয়াজ। গতকাল শুরু হওয়া ম্যাক্স ৩৫তম জাতীয় সাঁতারে রেকর্ড গড়েই নারীদের ১০০ মিটার ব্রেস্ট স্টোকে স্বর্ণ জিতেছেন মুন্সীগঞ্জের মেয়ে ইরফানা। আরেকটু আগ বাড়িয়ে নিয়াজ জানান, ‘ভালো মতো পরিচর্যা করা গেলে ইরফানার পক্ষে এপ্রিলের এসএ গেমসে স্বর্ণও জেতা সম্ভব।’ ২০২৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেয়া ইরফানা ১ মিনিট ১৭.৩৬ সেকেন্ড সময় নিয়ে গড়েছেন নতুন রেকর্ড। ভেঙেছেন ২০২৪ সালে গড়া সেনাবাহিনীর রোমানা আক্তারের ১.১৮.২৭ মিনিটের পুরনো রেকর্ড। কাল স্বর্ণ জয়ের পথে ইরফানা পেছনে ফেলেছেন সেনাবাহিনীর মুক্তি খাতুন ও নৌবাহিনীর মুক্তা খাতুনকে। ৫০ মিটার ব্যাক স্ট্রোকে নতুন জাতীয় রেকর্ড গড়েই স্বর্ণ জিতেছেন এই মুহূর্তে দেশের তারকা সাঁতারু সামিউল ইসলাম রাফি। নৌবাহিনীর এই সাঁতারু নিজেরই গড়া ২৬.০৫ সেকেন্ড সময়কে টপকে ২৫. ৮১ সেকেন্ডে স্বর্ণ জিতেছেন।
মুন্সীগঞ্জের মেয়ে ইরফানা। তারা তিন বোন এক ভাই। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় স্কুলে সাঁতার দলে নাম লেখান। এরপর ২০২১ সালে নবম বাংলাদেশ গেমসে সাঁতারের তিন ইভেন্টে ব্রোঞ্জপদক পান তিনি। তখন খেলেছিলেন মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার হয়ে। এরপর বাংলাদেশ সেনাবাহিনীর কোচ তাকে বাছাই করেন। আর এবারই প্রথম জাতীয় সাঁতারে অংশগ্রহণ তার। আর এই অভিষেকেই চমক ইরফানার। কখনো জাতীয় জুনিয়র সাঁতারেও অংশ নেননি তিনি। এবারের জাতীয় সাঁতারে তিনি আরো তিনটি ব্যক্তিগত ইভেন্টে অংশ নেবেন। সেগুলো হলো ৫০ ও ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোক ও ৫০ মিটার ফ্রি-স্টাইল। ইরফানার প্রিয় ইভেন্ট ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক। জানান, আমরা লক্ষ্য এই ইভেন্টে এসএ গেমসে বাংলাদেশকে স্বর্ণ এনে দেয়া।
ইরফানার মতোই চমক দেখিয়েছেন নৌবাহিনীর ফাতিহা মাহতাব মাইশা। তিনি ৫০ মিটার ব্যাক স্ট্রোকে নৌবাহিনীর যুথী আক্তার ও সেনাবাহিনীর সুমাইয়া আক্তারকে পেছনে ফেলে স্বর্ণ জিতেছেন। মাইশা এর আগে ১০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে পলি খাতুন, মুক্তি খাতুন ও সোনিয়া আক্তারকে সাথে নিয়ে স্বর্ণ জয় করেছেন রেকর্ড গড়েই। দ্বিতীয় হয়েছেন ২০০ মিটার ফ্রি-স্টাইলে। মাইশার শরীরে সাঁতারের রক্ত। সাফ গেমসে পদক জয়ী সাঁতারু শামছুল ইসলাম তার নানা। নানার এই অর্জনই তাকে উৎসাহিত করেছে সাঁতারে আসতে।
২০২৪ প্যারিস অলিম্পিক গেমসে অংশ নিলেও এবারের এশিয়ান গেমসে পাঠানো হয়নি সামিউল ইসলাম রাফিকে। এর দায় বাংলাদেশ সাঁতার ফেডারেশনের আগের কমিটির। রাফি এরই মধ্যে থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৫০ ও ১০০ মিটার ব্যাক স্ট্রোকে স্বর্ণ জিতেছিলেন। তারও আগে মালশেয়িশায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় এই ব্যাক স্ট্রোকে স্বর্ণ জয় করেন। গতকাল ৫০ মিটার ব্যাক স্ট্রোকে রেকর্ড গড়ার আগে ৪ গুণিতক ১০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে স্বর্ণ এনে দিয়েছেন রেকর্ড গড়েই। সঙ্গী হিসেবে ছিলেন কাজল মিয়া, আসিফ রেজা এবং মোহাম্মদ ইসলাম।
রাফি জানান, আমার প্রিয় ইভেন্ট ৫০ মিটার ব্যাক স্ট্রোক। এই ইভেন্টে আমি এবার ২৫.৭২ সেকেন্ড প্রথম হয়েছি। আগামী এসএ গেমসে এই ইভেন্টেই দেশকে স্বর্ণ এনে দিতে চাই। আরো যোগ করেন, ‘অনেক দিন ধরেই আমি বিদেশে ট্রেনিং করছি। এরই ফল পাচ্ছি। আমার টাইমিংটা ভালো হচ্ছে।’ গত ন্যাশনালে তিনি ছয়টি রেকর্ড-সহ ১১ ইভেন্টে স্বর্ণ জয় করেছিলেন। এবারো অংশ নেবেন ১১টি ইভেন্টে। ক্যারিয়ারে ৩৮টি স্বর্ণ জেতা রাফি রেকর্ড গড়েছেন ২৫ বার। রাজবাড়ীর ছেলে রাফি আট মাস বয়সেই বাবাকে হারান। ২০১৬ সালে টেলেন্ট হান্ট প্রোগ্রামের অধীনে সাঁতারে আসা। আর ২০২২ সালে যোগ দেন বাংলাদেশ নৌবাহিনীতে। এখনো কোনো এসএ গেমস না খেলা রাফি এপ্রিলে নিজের প্রথম এসএ গেমসেই দেশকে স্বর্ণ এনে দিতে চান।
এ ছাড়া গতকাল ২০০ মিটার বাটার ফ্লাইয়ে নৌবাহিনীর কাজল মিয়া, নারীদের ২০০ মিটার বাটার ফ্লাইয়ে সোনিয়া আক্তার এবং ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সেনাবাহিনীর সূর্য্যকুমার রাজবংশী স্বর্ণ জয় করেন। এ ছাড়া ডাইভিংয়ে নৌবাহিনীর অর্পা দাস রেকর্ড গড়েন।
মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে গতকাল এই আসরের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি দ্রুত সুইমিং পুলে ইলেকট্রনিক্স স্কোর বোর্ড বসানো এবং পানি হিট করার জন্য গ্যাস সংযোগ দেয়ার আশ্বাস দেন। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ সুইমিং ফেডারেশন সভাপতি ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








