অপেক্ষা বাড়ল মুশফিকের

 ক্রীড়া প্রতিবেদক
নাজমুল হোসেন শান্ত ও রস্টন চেজ যখন টস করতে যান তখন সীমানা দড়ির বাইরে অনুশীলন জার্সি পরে দৌড়াতে ব্যস্ত মুশফিকুর রহীম। ধারণা ছিল, একটু পরই হয়তো সাদা পোশাকে খেলতে নামবেন। আগেও নানা সময়ে এ রকমই হয়েছিল। কিন্তু এবার হলো ব্যতিক্রম। শান্ত টস জিতে ব্যাটিং নেয়ার পর একাদশে দেখা গেল না ৩৯ বছর বয়সী ব্যাটসম্যানের নাম। তাতেই সাত হাজার রানের অপেক্ষা বাড়ল নির্ভর যোগ্য এ ব্যাটারের।
আগের দিন চোট পেলেও তার খেলা নিয়ে কোনো সংশয়ের কথা শোনা যায়নি। তবে আঙুলের সেই চোটেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেছেন মুশফিক। খেলা শুরুর পর ভিডিও বার্তায় জতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘মুশফিকুর রহীম অনুশীলনের সময় ডান হাতের তর্জনীতে একটা ব্যথা পেয়েছে। পরবর্তী সময় থেকে সে পর্যবেক্ষণে ছিল। আজকে (গতকাল) সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি। এটা একটা কনটিউশন ইনজুরি। আশা করছি, আগামী তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। পরের ম্যাচ সে খেলতে পারবে।’
এর আগে সবশেষ ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের দুই টেস্টে মুশফিককে ছাড়া খেলেছে বাংলাদেশ। ঘরের মাঠে অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে ছাড়া সবশেষ টেস্টও ছিল একই বছর মার্চে, শ্রীলঙ্কার বিপক্ষে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গত মঙ্গলবার গা গরমের পর নেট সেশনের জন্য অ্যাকাডেমি মাঠে যান ক্রিকেটাররা। সবার আগে ব্যাট হাতে নেটে নেমে পড়েন মুশফিক। তবে অন্যান্য দিনের তুলনায় আগেভাগেই শেষ হয়ে যায় ব্যাটিং।
নেট বোলারের বাউন্সার হঠাৎ এসে লাগে মুশফিকের ডান হাতের তর্জনীতে। সাথে সাথে বসে পড়েন। পরে দ্রুতই নেট ছেড়ে বেরিয়ে চলে যান। ফিজিও বায়েজিদুল কাছাকাছিই ছিলেন। তার তত্ত্বাবধানে চলে প্রাথমিক শুশ্রƒষা। এরপর আর ব্যাটিংয়ে ফেরেননি মুশফিক। বিসিবির চিকিৎসা বিভাগের পক্ষ থেকে জানানো হয়, স্ক্যানে বড় কিছু ধরা পড়েনি। তাই প্রথম ম্যাচ খেলতে সমস্যা নেই তার। কিন্তু শেষ পর্যন্ত সেই চোটের কারণেই প্রায় দুই বছর পর টেস্ট একাদশের বাইরে সাবেক অধিনায়ক।

Advertisement