
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি ড. খলিলুর রহমানের সাথে বৈঠক করেছেন ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কূটনীতিকরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় গুরত্বপূর্ণ এসব দেশের কূটনীতিকরা সাথে আলাদা বৈঠক করেন খলিলুর রহমান।
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার ও চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে খলিলুর রহমানের সাথে পৃথকভাবে বৈঠক করেন বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
পরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকও ইউএনজিএ সভাপতির সাথে পৃথকভাবে বৈঠক করেন।
ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেন, মূলত জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানকে শুভেচ্ছা জানাতে এবং বিশ্ব সংস্থাটির সংস্কার নিয়ে আলোচনা করতে তার সাথে দেখা করেছেন তিনি।
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ত্রিবেদী এ সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে বর্ণনা করে বলেন, প্রস্তাবিত জাতিসঙ্ঘের সংস্কার সম্পর্কে জানতে আগ্রহী ছিলেন তিনি, যা সব দেশের জন্যই অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট।
তিনি আরো বলেন, ‘সত্যি বলতে, বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতিকে শুভেচ্ছা জানাতেই আমি এখানে এসেছিলাম।’
বৈঠকের উদ্দেশ্য ব্যাখ্যা করে ত্রিবেদী জানান, এর আগে তিনি ফোনে ড. খলিলুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছিলেন, তবে সরাসরি তার সাথে দেখা করতে চেয়েছিলেন।
তিনি আরো বলেন, ‘সংস্কার সম্পর্কে জানতে আমি খুবই আগ্রহী ছিলাম। খলিলুর রহমান জাতিসঙ্ঘের সংস্কার নিয়ে অনেক কথা বলছেন। তাই সংস্কারগুলো কী এবং এ বিষয়ে কী করা যেতে পারে, তা জানতে চেয়েছিলাম। কারণ এগুলো আমাদের সবার স্বার্থসংশ্লিষ্ট। এটি আমাদের অভিন্ন স্বার্থ।’
ভারতীয় দূত স্পষ্ট করেন, বৈঠকটি ড. খলিলুর রহমানের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বের কারণে নয়, বরং জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তার দায়িত্বের বিষয়েই অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরো বলেন, ‘বৈঠকটি শুধু সেই দায়িত্বের অংশ হিসেবেই হয়েছে। তার দ্বৈত ভূমিকার কারণে নয়; মূলত জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবেই এ বৈঠক হয়েছে।’
ত্রিবেদী জানান, একটি ফুটবল ম্যাচের সময়ও তাদের দু’জনের দেখা হয়েছিল। তখন তিনি সৌজন্য সাক্ষাতে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন।
এ সাক্ষাৎকে শেখার অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করে ভারতের হাইকমিশনার বহুপক্ষীয় কূটনীতিতে ড. খলিলুর রহমানের জ্ঞান ও অভিজ্ঞতার প্রশংসা করেন।
হাইকমিশনার বলেন, ‘তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ। জাতিসঙ্ঘ অন্যতম সর্বোচ্চ বহুপক্ষীয় সংস্থা। তাই আমি তার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইছিলাম। আমার জন্য এটি শেখার একটি প্রক্রিয়া।’
সময় দেয়ার জন্য ড. খলিলুর রহমানকে ধন্যবাদ জানান ত্রিবেদী। সরাসরি তার সাথে দেখা করতে পেরে সন্তুষ্টিও প্রকাশ করেন তিনি।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের পরিধি সাক্ষাতের উদ্দেশ্যের মধ্যে সীমিত রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ ছিল।
থ্যাংকস গিভিংয়ের আগে শুভেচ্ছা বিনিময় ক্রিস্টেনসেনের
অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সাংবাদিকদের বলেন, ‘আগামী সপ্তাহের বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছুটির দিন। দিনটি আমাদের থ্যাংকস গিভিং। এ দিন মানুষ পরিবার ও বন্ধুদের সাথে মিলিত হয়, একসাথে খাবার খায় এবং যেসব বিষয়ের জন্য তারা কৃতজ্ঞ, সেগুলো নিয়ে ভাবনা-চিন্তা করে।’
তিনি আরো বলেন, বন্ধু ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে থ্যাংকস গিভিং উদযাপন করতে না পারলেও তার সাথে দেখা করতে চেয়েছিলেন তিনি। তাকে থ্যাংকস গিভিংয়ের শুভেচ্ছা জানানো এবং ইউএনজিএ সভাপতি ও নতুন সরকারের সাথে যুক্তরাষ্ট্রের যে দৃঢ় অংশীদারত্ব রয়েছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করাই ছিল তার উদ্দেশ্য।
এই অংশীদারত্বের মধ্য দিয়ে প্রতিনিয়ত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরো জোরদার হচ্ছে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বাংলাদেশের সবাইকেও থ্যাংকস গিভিংয়ের শুভেচ্ছা জানান।
এছাড়া যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্কের দৃঢ়তা নিয়ে তারা সাধারণ আলোচনা করেছেন। ইউএনবি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








